বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারী জাগরণ ও নারীমুক্তি। আর সে জন্য তিনি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তাই রোকেয়ার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে নারীশিক্ষা নিশ্চিত করতে হবে। গতকাল রোকেয়া দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোকেয়া স্মারক বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রোকেয়া হল কর্তৃপক্ষ।স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, দেশে নারীশিক্ষার হার আশানুরূপভাবে বাড়ছে, যা নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬ শতাংশ শিক্ষার্থী নারী। তাঁদের ফলও ভালো। তিনি সম-অধিকারের ভিত্তিতে নারী-পুরুষের যৌথ কর্মসংস্থানের ওপর জোর দেন। ইংরেজি বিভাগের শিক্ষক নিয়াজ জামান বলেন, শিক্ষার অভাবে নারীদের হূদয়বৃত্তিগুলো সংকুচিত হয়ে গিয়েছিল। অত্যন্ত রক্ষণশীল সমাজে বেড়ে উঠেও রোকেয়া তা অনুধাবন করতে পেরেছিলেন। তাই নারীমুক্তির জন্য আজীবন তিনি নারীশিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন শিক্ষা এবং অর্থনৈতিক স্বনির্ভরতায় নারী-পুরুষ উভয়ের সংশ্লিষ্টতার বিষয়ে বেগম রোকেয়ার ভাবনা তুলে ধরেন। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সোহেলী খাদিজা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী। তিনি রোকেয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিক্ষাসহ আজকের সমাজের প্রতিটি স্তরে নারীদের যে অবস্থান, তা রোকেয়ার হাত ধরেই শুরু হয়েছিল। তাঁর স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে হলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরেই জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মামুনা খাতুন বৃত্তি দেওয়া হয়। এ বছর বৃত্তি পেয়েছেন বিভাগের শিক্ষার্থী গুল জান্নাত। রোকেয়া হল: রোকেয়া হলের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতা নারী। তাই তাঁদের সহকর্মী ও প্রশাসনকে আরও নারীবান্ধব করার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে তাঁরা দূরদর্শী, সাহসী ও দৃঢ় আত্মপ্রতিশ্রুতিবদ্ধ না থাকলে নারীসমাজের উন্নয়ন শ্লথ হয়ে যাবে। অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘রোকেয়া চেয়ার’ হাসনা বেগম বলেন, চিন্তাশীল মননের চর্চা ও আত্মসমালোচনা প্রত্যেককে মুক্তির পথ দেখায়। তবে সামাজিক ও রাষ্ট্রীয় সহায়তা নারীসমাজের সুরক্ষা ও সমসুযোগ পাওয়ার পথটি সুগম করতে পারে। সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতা এ বিষয়ে মনোযোগ দিলে দেশকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বেগম রোকেয়ার দর্শনকে অনুসরণ ও অনুকরণের জন্য নারীসমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপাচার্য রোকেয়া হলের ছাত্রীদের মধ্যে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন। এ বছর স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব-প্রযুক্তি বিভাগের এমএস শ্রেণীর ছাত্রী তাহরিয়া নাজনীন। হলের চারজন ছাত্রীকে মেধাবৃত্তি দেওয়া হয়। তাঁরা হলেন—শামসুন আরেফিন, নূরুন্নাহার, নাজিয়া তাসমিন ও শাহনাজ সুলতানা। এ ছাড়া আরও চারজন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। রোকেয়া দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে রোকেয়া হলের হাউস টিউটর ও ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।