
‘কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল আকাশ, কী অসহ্য সুন্দর!’
এই কথাগুলো বলেছিলেন কবি বুদ্ধদেব বসু, ‘চিল্কায় সকাল’ নামের কবিতায়, যেখানে সরোবর দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। আমারও কী যে ভালো লাগল, অসহ্য সুন্দর লাগল, হেমন্তের সকালটায়, বাংলাদেশের একটা গ্রাম দেখে! গ্রামের মানুষদের দেখে। গ্রামের নারী আর শিশুদের চোখেমুখে আত্মবিশ্বাস আর সাফল্যের প্রভা দেখে।
আকাশ নীল, নদীর ধারে এখনো কাশবন, রংপুর থেকে সৈয়দপুরের দিকের মহাসড়ক একেবারে নিপাট, চওড়া, শক্তপোক্ত। আমরা তারাগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামে গেলাম, সাদেকা বেগমের বাড়িতে, মহাসড়ক থেকে বাঁ দিকের রাস্তাও পাকা, দুই পাশে ধানখেত, কী যে সবুজ, বাঁশঝাড়ের নিচ দিয়ে চলছে ফটোসাংবাদিক জিয়া ইসলামের কালো গাড়ি, তারপর পাকা সড়ক পেরিয়ে কাঁচা রাস্তা, কিন্তু মসৃণ। পৌঁছানো গেল সাদেকা বেগমের বাড়ির উঠোনে। সেখানেই একটা ছোট্ট টিনের ঘরে সাইনবোর্ড—বেগম রোকেয়া মহীয়সী নারী মহিলা উন্নয়ন সংস্থা। স্থাপিত ২০০৩।
আমাদের সঙ্গে প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া। কিছুদিন আগে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় তিনি একটা শনিবারের বিশেষ প্রতিবেদন করেছেন। ১৭৫ নারী ও একজন সাদেকা। আমরা সেই সাদেকা আর তাঁর গ্রাম দেখতে এসেছি।
সকালবেলার মিষ্টি রোদে তাঁদের সমিতি-ঘরের উঠোনে বসে আছেন শ খানেক নারী। তাঁরা সবাই কাপড়ে সুই-সুতো দিয়ে নকশা বুনছেন। ঘরের ভেতরে পিছিয়ে পড়া শিশুরা লেখাপড়া করছে, সমিতির পক্ষ থেকে মাসিক দেড় হাজার টাকা বেতনে একজন টিউটর নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পড়াচ্ছেন।
২০০০ সালে বিয়ে হয়েছিল সাদেকার। তাঁর স্বামী দিনমজুর। তখন সাদেকা পড়েন ক্লাস নাইনে, বয়স ১৫ বছর। শ্বশুরবাড়িতে এসে দেখেন অভাব। কোনো বেলা খাবার জোটে, কোনো বেলা জোটে না। আর দেখতে পান, গ্রামে মেয়েদের ওপরে নানা নিপীড়ন হয়। শাশুড়ি, স্বামী চাপ দেয় যৌতুকের জন্য। ক্লাস নাইন পাস সাদেকার হঠাৎ মনে পড়ে যায় তাঁর দাদির মুখ থেকে শোনা গল্প। দাদি ছরিতুন নিসা গল্প শোনাতেন সাদেকাকে... শোনো, মিঠাপুকুরের পায়রাবন্দের এক মেয়ে, তার বাড়িতে বাংলা পড়া নিষেধ, ইংরেজি পড়া নিষেধ, মেয়েটা তার ভাইয়ের কাছে গোপনে শিখল বাংলা আর ইংরেজি, সেই মেয়ে বড় হয়ে স্কুল বানাল, মেয়েদের স্কুল, তাই আজ দেশে মেয়েরা লেখাপড়া করে। সাদেকার মনে হলো, রোকেয়া যদি পারেন, তিনিও পারবেন। এই অভাব, এই দারিদ্র্য, এই অনাহার, এই মেয়েদের দুঃখ তাঁর ভালো লাগে না। তিনি গ্রামের মেয়েদের ডেকে বললেন, সপ্তাহে ১০ টাকা করে দাও। দশের লাঠি একের বোঝা। এটা দিয়ে আমরা কাজ শুরু করব। তিনি নিজে হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়ে আসেন পল্লী উন্নয়ন কর্মসূচির কেন্দ্র থেকে। তারপর সেই প্রশিক্ষণ দেন সমিতির মেয়েদের। তাঁরা এমব্রয়ডারির কাজ, চুমকি, জড়ি, পুঁতি বসানোর কাজ শুরু করে দেন। এখন অনেক মেয়ে মাসে তিন হাজার টাকা আয় করেন এই কাজ থেকে। বদরগঞ্জ থেকে অর্ডার আসে, বগুড়া থেকে আসে। আর সমিতির তহবিল বাড়তে থাকে। তাঁরা গরু-ছাগল পালেন, মাছ চাষ করেন। তাঁর সমিতির সদস্যা এখন ১৭৫ জন। পুরুষেরা নারীদের সহযোগিতা করেন।
সাদেকার নিজের জীবন পাল্টে গেছে। যে ঘরে দুই বেলা খাবার জুটত না, সেখানে এখন টিনের ঘর, পায়রা, হাঁসমুরগি, গরু...স্বামী আবদুল জলিল বাজারে দুটো মনোহারি দোকানের মালিক। সন্তানেরা লেখাপড়া করছে।
ওই গ্রামের পুরুষদের সঙ্গেও কথা বলি। তাঁরা বলেন, প্রায় ৭০০ মানুষের এই গ্রামের প্রত্যেকের গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ। খেতে ধান হচ্ছে, তাতে লাভ কম, কিন্তু আদা কিংবা কলা করলে লাভ হয়। গ্রামে সবার স্যানিটারি পায়খানা, সব বাড়িতে টিউবওয়েল। গ্রামে কোনো
চোর নেই, অপরাধ নেই। প্রতিটা ছেলেমেয়ে স্কুলে যায়।
আমরা চারদিকে তাকাই। সত্যি সত্যি স্বাস্থ্যবান গরু এদিক-ওদিক। পুকুর, সবজির খেত। অনেক ঘরের সামনেই মোটরবাইক।
এত সুন্দর একটা গ্রাম দেখলে কার না ভালো লাগে। সাদেকা কথা বলছেন, তাঁর চোখেমুখে সাফল্য আর আত্মবিশ্বাসের আলো। যে মেয়েরা বসে বসে সেলাইয়ের কাজ করছিলেন, তাঁদের জিজ্ঞেস করি, কে কত আয় করলেন গত এক মাসে। একেকজন একেক অঙ্ক বলেন।
সাদেকার সমিতি বড় হয়েছে। তাঁরা একটা বড় পুকুরে মাছ ছেড়েছেন। জমি কিনেছেন। লাভের অঙ্ক ভাগ করে দেওয়া হয় সমিতির সদস্যদের। আর সবচেয়ে বড় কথা, রোকেয়ার সুলতানার স্বপ্ন যেন বাস্তবায়ন করেছেন তাঁরা। গ্রামে যদি কোনো বাড়িতে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে খবর আসে, সব নারী একসঙ্গে চলে যান সেই বাড়িতে, না, বিয়ে দেওয়া যাবে না, তাঁরা বোঝান বাবা-মাকে, বাল্যবিবাহ ক্ষতিকর, এটা আইনত অপরাধ। শীতকালে কম্বল এসেছে উপজেলা সদরে, তাঁরা চলে গেছেন দল বেঁধে, আমাদের গ্রামে এতজন দরিদ্র মানুষের জন্য কম্বল চাই। তাঁদের সমিতিও অবশ্য কম্বল বিলি করেছে অভাবী মানুষের মধ্যে।
আমি তাঁদের জিজ্ঞেস করি, পুরুষেরা বাধা দেয় না? রাজনৈতিক নেতারা? তাঁরা বলেন, না, তাঁরা সবাই সহযোগিতা করেন। কারণ, লাভ তো হচ্ছে সংসারেরই।
এই গ্রামে সব বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। তবে সেচকাজে বেশির ভাগ ক্ষেত্রে বিদ্যুৎই ব্যবহূত হয়। পাশেই ইউনিয়ন পরিষদ অফিস। উঁকি দিলাম। ইউনিয়নের নাম সয়ার। ভবনে ল্যাপটপ, ইন্টারনেট লাইন, প্রিন্টার সব আছে।
বাংলাদেশের গ্রাম যে বদলে যাচ্ছে, সেই খবর শুনেছিলাম। নিজের চোখে দেখলাম। দেখলাম যে, একজন রোকেয়ার আলো এখন জ্বলছে কোটি প্রাণে, তাঁদেরই একজন সাদেকা, আবার তাঁর কারণে উজ্জ্বল হয়ে উঠেছে একটা গোটা গ্রাম। পথে একটা ছোট্ট ছেলেকে পাই। তাকে জড়িয়ে ধরে বলি, স্কুলে যাও?
যাই।
নাম কী?
সোহাগ।
বানান করো তো?
ইংরেজিতে করব না বাংলায়?
আচ্ছা ইংরাজিতেই করো।
এসএইচওএইচএজি।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক