ছোটবেলায় মায়ের খুব ন্যাওটা ছিলেন রোখসানা। ছোট মেয়ে যে, তাই। শেষশয্যাও হলো মায়ের পাশেই। গুলশানের রেস্তোরাঁয় নিহত কলেজছাত্রী রোখসানা আক্তারকে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তাঁর গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে।গত শনিবার রাতে রাজধানীর গুলশানের দেজাভু রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তিতুমীর কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী রোখসানার। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। আহত ব্যক্তিরা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তিন বছর আগে মাকে হারান রোখসানা। গত শনিবার মামা, মামি আর মামাতো তিন বোনের সঙ্গে রোখসানাও এসেছিলেন দেজাভু ক্যাফেতে মামার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু আর ফেরা হয়নি।অগ্নিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বারবার চোখের পানি ফেলছিলেন নূরুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘অনুষ্ঠানে যাওয়ার সময় খুবই উৎসাহ ছিল রোখসানার। তৃতীয় তলায় অনুষ্ঠান চলছিল। তবে রেস্তোরাঁয় ঢোকার পর থেকে কেন যেন মনমরা হয়ে পড়েছিল। বসেছিল টেবিলের এক কোনায়। এরপর হঠাৎই আগুন। চারদিকে অন্ধকার, বিকট কালো ধোঁয়া। আমরা দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করি। অন্ধকারে রোখসানাকে ডাকাডাকি করি। টেবিলের কোনায় বসার কারণে মনে হয় ও বের হতে পারেনি।’রোকসানার বাবা সরকারি চাকুরে আবদুস সালাম। তিনি গ্রামেই থাকেন। মা সাফিয়া খাতুন তিন বছর আগে মারা যান। দুই বোন এক ভাইয়ের মধ্যে রোখসানা ছিলেন সবার ছোট। এ কারণে আদরও ছিল বেশি। তাই এখন সবার কষ্টটাও বেশি।