গাছ থেকে পড়ে আহত ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের পান্নু মিয়ার সন্দেহ, তাঁর ঘাড়ের হাড় ভেঙে গেছে। তাই সদর হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগ থেকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে ১১০ টাকা জমা দিয়ে রেডিওলজি বিভাগে এক্স-রে করিয়েছেন, কিন্তু তাঁকে রিপোর্ট দেওয়া হয়নি।পাশের রোগ নির্ণয় বিভাগের অবস্থাও একই রকম। সেখানে রক্ত ও প্রস্রাবের নানা পরীক্ষা করে রোগীদের রিপোর্ট দেওয়া হচ্ছে না। এখানে টেকনিশিয়ান হিসেবে যিনি কর্মরত, পরীক্ষায় কী পাওয়া গেল, তিনি সাদা কাগজে তা লিখে দিচ্ছেন। হাসপাতালের চিকিৎসকেরা ওই লেখার ওপর নির্ভর করে চিকিৎসা দিচ্ছেন। গত ২৬মে বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে এ অবস্থা দেখা গেছে। ধোপাবিলার পান্নু মিয়া তাঁর রিপোর্ট ও টাকার রসিদ চাইলে রেডিওলজি বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘এগুলো দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনি ডাক্তার দেখিয়ে থাকলে বাড়ি চলে যান।’ এ সময় প্রথম আলোর পক্ষ থেকে ওই দিন কতজন রোগীর এক্স-রে করা হয়েছে এবং কত টাকার জমার রসিদ দেওয়া হয়েছে, তা জানতে চাইলে তিনি দেখাতে রাজি হননি। তবে খাতায় লেখা হিসাব থেকে জানা গেছে, রোগীর ক্রমিক নম্বর ছিল ৩৫; আর পাঁচ থেকে ছয়টি রসিদের টাকা জমা হয়েছে। রসিদ না কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, রোগীদের রসিদ লাগে না, তাই দেওয়া হয় না। তবে ঠিকমতো টাকা জমা হয় বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে সিভিল সার্জন কেরামত আলী বলেন, ইতিপূর্বেও এমন অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তিনি দেখবেন।রোগ নির্ণয় বিভাগে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার বিষয়খালী গ্রামের মনিরুল ইসলাম রক্ত পরীক্ষা করিয়ে চিকিৎসকের অপেক্ষায় আছেন। তাঁর কাছে সাদা কাগজে করা রিপোর্টে বিভাগের টেকনিশিয়ান মুজিবুর রহমান স্বাক্ষর করেছেন। মুজিবুর রহমান বলেন, রোগ নির্ণয় বিভাগের প্রধান হিসেবে আছেন বেগম উম্মে কুলসুম। তিনি প্যাথলজিস্ট নন, তা ছাড়া এ বিভাগের দায়িত্বে থাকলেও তাঁকে সারাক্ষণ বহির্বিভাগে রোগী দেখতে হয়। তাই রিপোর্ট দেওয়ার কাজটি তিনিই করেন।রেডিওলজি বিভাগের প্রধান রেজা সেকেন্দার জানান, তিনি রোগীদের রিপোর্ট দিতে চান। এটা রোগীদের পাওনা। কিন্তু তাঁকে সেই কাজে না রেখে বাইরের বিভিন্ন কাজে পাঠানো হয়। এ কারণে তিনি রিপোর্ট দিতে পারেন না। বেগম উম্মে কুলসুম জানান, তিনিও বহির্বিভাগে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকেন, এ কারণে রিপোর্টে স্বাক্ষর করার সময়ও পান না। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাশেদ আল মামুন জানান, ওই দুটি বিভাগে যাঁরা দায়িত্বে আছেন, প্রকৃতপক্ষে তাঁরা ওই বিষয়ে বিশেষজ্ঞ নন। সদর হাসপাতালে রেডিওলজিস্ট ও প্যাথলজিস্ট পদে কাউকে দেওয়া হয়নি। এ কারণে চিকিৎসা কর্মকর্তাদের দিয়ে এসব কাজ করাতে হয়।