ভোলায় গবাদিপশু মৃত্যুর কারণ হিসেবে গলা ফোলা রোগকে চিহ্নিত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। নমুনা সংগ্রহের ২০ দিন পর রোগ শনাক্ত করা হলো। পরিচিত এই রোগটির কারণ অতিবৃষ্টি ও অপরিচ্ছন্নতা। রোগ শনাক্ত করার আগেই দুই উপজেলায় মারা গেছে সহস্রাধিক গরু-মহিষ। আক্রান্ত আরও পাঁচ হাজার। খামারিদের কাছে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে অসময়ে মরা বাচ্চা প্রসব।ভোলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, ২৩ আগস্ট বরিশাল থেকে একটি বিশেষজ্ঞ দল ভোলার দৌলতখান উপজেলার মদনপুরে মরা মহিষের বিভিন্ন নমুনা সংগ্রহ করে। পরে ঢাকা থেকে আরও দুটি বিশেষজ্ঞ দল ভোলায় আসে। গত সোমবার বিকেলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, তাঁর হাতে প্রতিবেদনে রোগের নাম হেমোরেইজিক সেপটি সেমিয়া (hemorrhagic septi camia)। স্থানীয় ভাষায় গলা ফোলা রোগ বলে। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই জীবাণু পশুর শ্বাসনালিতে অবস্থান করে। অতিবর্ষণ, নোংরা কাদা, অপরিচ্ছন্ন খাবার ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে হতে পারে এ রোগ। এতে আক্রান্ত হলে গলা ফুলে, জ্বর আসে, পেট ফেঁপে পশুর শরীর দুর্বল করে দেয়। ফলে আক্রান্ত পশু মারা যায়। তবে রোগের প্রথম অবস্থায় সঠিক চিকিৎসা দিলে পশুকে বাঁচানো সম্ভব। এটি প্রতিরোধের উপায় হচ্ছে ছয় মাস অন্তর পশুকে প্রতিষেধক দেওয়া এবং পরিচ্ছন্ন-শুষ্ক পরিবেশে পশুর আবাসস্থল তৈরি করা। আক্রান্ত পশুকে অ্যান্টিবায়োটিক ডেনা মাইসিন-১০০ এমজি, সালফার ড্রাগ, ডায়াডিন, ডিলারজেন, রুমেনটন নামক ওষুধ চিকিৎসকের পরামর্শমতো ব্যবহার করতে হবে।দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মহিষ মালিক শাহাবুদ্দিন ও কাঞ্চন জানান, মদনপুরে ১৫-১৬ আগস্ট মহিষের মড়ক শুরু হয়। পেট ফুলে, গলা ফুলে পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে আধা ঘণ্টার মধ্যে মহিষটি মারা যায়। একই লক্ষণে গরু মারা যাচ্ছে। শুধু দৌলতখানে নয়, ভোলা সদর উপজেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী সহস্রাধিক মহিষ-গরু মারা গেছে।মদনপুর গ্রামের বাথান মালিক ফিরোজ বাঘা প্রথম আলোকে জানান, এ পর্যন্ত তাঁর বাথানের শতাধিক মহিষ মারা গেছে। একটি মহিষের দাম ৩০-৫০ হাজার টাকা। লক্ষাধিক টাকার ওষুধ খাইয়েও কাজ হয়নি। একই উপজেলার চর নেয়ামতপুরের বাথান মালিক সফিউদ্দিন, নুরনবী, ইউনিয়নের মধুপুরের বাথান মালিক লোকমান মাঝি, নেয়ামতপুরের বাবুল কমিশনার, ইউনুস হাজি, মনির শিকদার একই মন্তব্য করেন।মহিষ মালিক সফিউদ্দিন বলেন, এ পর্যন্ত তাঁর বাথানে ৭০টি ছোট-বড় মহিষ মারা গেছে। গত তিন দিনে মারা গেছে ছয়টি মহিষ। বর্তমানে এ রোগে আক্রান্ত গর্ভবর্তী মহিষগুলো অসময়ে মরা বাচ্চা প্রসব করছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, প্রতিষেধক ও ওষুধের কোনো স্বল্পতা নেই। গর্ভবতী মহিষগুলোর রোগের কারণে অসময়ে মরা বাচ্চা প্রসব করছে। তিনি আরও বলেন, লোকবলের সংকটের কারণে তাঁরা খামারিদের প্রকৃত সেবা দিতে পারছেন না।