রোগমুক্তির গুজব ছড়িয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে কালীগঙ্গা নদীর পাশে একটি মেয়েশিশুর কবরকে ‘পানি পাগলির মাজার’ বানানো হয়েছে। ওই কবরের আশপাশের মাটি শরীরে মাখলে এবং পানি পান করলে রোগ নিরাময় হবে—এমন গুজব ছড়িয়েছেন স্থানীয় সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। ওই গুজবে বিশ্বাস করে প্রতিদিন মানুষ ভিড় জমাচ্ছে সেখানে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ওই ইউপি সদস্যের নেতৃত্বাধীন একটি চক্র ‘মাজারে’ আসা দর্শনার্থীদের দান-খয়রাত ও মানত বাবদ প্রতিদিন লক্ষাধিক টাকা পকেটে ভরছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।শুরুর কথা: বৈলতলা গ্রামবাসী জানান, ১০-১২ বছরের মানসিক ভারসাম্যহীন একটি মেয়েশিশু গ্রামে ঘোরাফেরা করত। গত ৩ মার্চ গ্রামের মৃতপ্রায় কালীগঙ্গা নদীর হাঁটুপানিতে তার মৃতদেহ পাওয়া যায়। এরপর পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিরা নদীর পাশেই তাকে দাফন করেন।গড়ে ওঠে ‘মাজার’: গ্রামবাসী জানান, সিংজুরী ইউপি সদস্য কিতাব আলীসহ আরও কয়েকজন শিশুটির কবর নিয়ে গুজব ছড়ান, তার মৃত স্থান ও আশপাশের পানি পান করে কয়েকজন অসুস্থ মানুষ সুস্থ হয়েছে। গুজবে বিশ্বাস করে সেখানে ছোটে লোকজন। কবরের চারপাশে দেওয়া হয় বেড়া। ওড়ানো হয় দুটি লাল পতাকা। এ জন্য পরিচালনা কমিটিও করা হয়। কমিটিতে সিংজুরী ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ, সদস্য কিতাব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজসহ আরও বেশ কয়েকজন রয়েছেন। সরেজমিনে এক দিন: বৃহস্পতিবার বৈলতলা গ্রামে গিয়ে দেখা যায়, শুষ্ক মৌসুম হওয়ায় কালীগঙ্গা নদীতে সামান্য কাদা পানি রয়েছে। কবরের পাশেই স্থাপন করা হয়েছে দুটি নলকূপ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু নলকূপ থেকে বোতলে পানি নিচ্ছে এবং পান করছে। কেউ কেউ কাদা পানিই বোতলে ভরছে। কেউ কবরের পাশের মাটি শরীরে মাখছে।স্বেচ্ছাসেবকেরা দর্শনার্থীদের দান-খয়রাত করতে বলছে। প্রায় সবাই ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কবরের ওপর ফেলছে। ঘণ্টা খানেক পর পর স্বেচ্ছাসেবকেরা ওই টাকা উঠিয়ে একটি ট্রাংকে রাখে। পরদিন ওই টাকা ব্যাংকে রাখা হয় বলে স্বেচ্ছাসেবকেরা জানায়। আশপাশে মোমবাতি, আগরবাতি, খাবার, পানির খালি বোতল বিক্রিসহ বিভিন্ন ধরনের কমপক্ষে ২৫টি দোকান গড়ে উঠেছে। দর্শনার্থীদের বক্তব্য: ঘিওরের গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, ‘ছেলের সর্দি-জ্বর হয়েছে, তাই পানি নিতে এসেছি।’ সদর উপজেলার দিঘী গ্রামের নদু রাজবংশী জানান, ‘অসুখে ডান পায়ের শক্তি হারাইছি। লোকজনের মুখে শুনে এহানকার পানি নিতে আইছি।’ গতকাল মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, তাঁর শরীরের কোনো উন্নতি হয়নি। পানি পান ও মাটি মেখে সুস্থ হয়েছে—এমন কাউকে পাওয়া যায়নি।উচ্ছেদের দাবি: ওই ‘মাজার’ উচ্ছেদের দাবিতে ইমাম পরিষদের ব্যানারে গতকাল সকালে ঘিওর উপজেলা সদরে ডি এন সরকারি কলেজের সামনে মানববন্ধন করে উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শ মানুষ। মানববন্ধনে স্থানীয় কুস্তা আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন বলেন, ‘প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ রোগমুক্তির আশায় কথিত ওই মাজারে গিয়ে টাকাপয়সা দিয়ে প্রতারিত হচ্ছে। ইসলাম এসব সমর্থন করে না।’ মানববন্ধনে অংশ নেওয়া লোকজন পরে উপজেলা সদরে মিছিল করে। কমিটির বক্তব্য: কিতাব আলী বলেন, ‘টাকা মাজারের উন্নয়নেই ব্যয় করা হবে।’ কী পরিমাণ টাকা উঠেছে, তা তিনি জানাতে পারেননি।তবে গতকাল পর্যন্ত ‘মাজার’ থেকে পাওয়া আট লাখ টাকা ব্যাংকে জমা হয়েছে বলে জানান আবদুর রশিদ। তিনি বলেন, ‘শুরু থেকেই আমি ওই মাজারের বিরুদ্ধে। জনপ্রতিনিধি হওয়ায় আমাকে কমিটিতে রাখা হয়েছে।’অন্যরা যা বলেন: মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান বলেন, ‘অন্ধবিশ্বাসী মানুষই ওখানে গিয়ে মাটি মাখছে ও পানি পান করছে। এতে আরও অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।’ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, গত শুক্রবার তিন লাখ সাত হাজার টাকা উঠেছিল বলে ‘মাজারের’ লোকজন জানিয়েছে। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহামঞ্চদ আলী বলেন, ‘গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনার মাধ্যমে এবং সবার সহযোগিতায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। অর্থ আদায়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’