রোগাক্রান্ত গরু জবাই করায় একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগাক্রান্ত গরু জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জাহের আলী শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মশিপুর গাড়াদহ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ এ সাজা দেন। বিচারক শামীম আহমেদ বলেন, অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত হওয়ার পর গরু জবাই করা বেআইনি। বিষয়টি জানার পরও তা অমান্য করেন ওই গরুর মালিক জাহের আলী। ৩ জুলাই জাহের মশিপুর ফুটবল মাঠ চত্বরে একটি গরু জবাই করে কম দামে মাংস এলাকার লোকজনের মধ্যে বিক্রি করেন। এরপর ওই এলাকায় সাতজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হন।