রোগাক্রান্ত গরু জবাই তিন কসাইয়ের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংস বিক্রির উদ্দেশ্যে রোগাক্রান্ত গরু জবাইয়ের দায়ে বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন কসাইকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাদী হয়ে আরেক কসাই মো. সুলতান শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার তিন কসাইকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌর শহরের ঘোষপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের উত্তর সাহাপাড়ার মো. জহুরুল (৩২), উপজেলার খুড়তা গ্রামের মো. সাইফুল (২৮) ও শাজাহানপুর উপজেলার খোটরাপাড়ার মো. তোজমার (৩৮)। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ খান জানান, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের ঘোষপাড়ায় কসাই মো. সুলতান শেখের বাড়িতে অভিযান চালান। এ সময় রোগাক্রান্ত গরু জবাই এবং জলাতঙ্কে আক্রান্ত আরও একটি গরু জবাইয়ের প্রস্তুতির সময় তিনজন কসাইকে আটক করা হয়। এ সময় কসাই মো. সুলতান শেখ পালিয়ে যান।