রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার চুয়াডাঙ্গার রেলবাজার মাংসপট্টিতে অভিযান চালিয়ে রোগাক্রান্ত গরুর ৬০ কেজি মাংস জব্দ এবং বিক্রেতা নিজাম উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেছেন।পৌরসভার স্যানিটারি বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান খান এই অভিযান চালান।আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা রেলবাজারের মাংস বিক্রেতা নিজাম উদ্দিন গতকাল সকালে রোগাক্রান্ত মৃতপ্রায় একটি গরু জবাই করার উদ্যোগ নিলে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শরিফ উদ্দিন তাতে বাদ সাধেন। প্রাণিসম্পদ বিভাগের ওই কর্মকর্তা বাজার থেকে চলে যাওয়ার পর গরুটি জবাই করে মাংস বিক্রির প্রক্রিয়া চলে। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি মাংস জব্দ করে তাতে কেরোসিন ঢেলে সেগুলো নির্মাণাধীন ট্রাক টার্মিনালে পুঁতে রাখা হয়। মাংস বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।