উৎপাদন হ্রাসের আশঙ্কা চা-বাগান কর্তৃপক্ষের
রোগাক্রান্ত গাছ অপসারণের অনুমোদন নিয়ে দীর্ঘসূত্রতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমএম ইস্পাহানি লিমিটেডের জেরিন চা-বাগানে রোগাক্রান্ত ও অকার্যকর ছায়াবৃক্ষ কাটা ও অপসারণের অনুমোদন নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ করেছে বাগান কর্তৃপক্ষ। আসন্ন শীত মৌসুমের আগে চা-বাগানের আবাদ এলাকা থেকে এসব গাছ অপসারণ করা না গেলে পোকামাকড়ের আক্রমণে চা-গাছের উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।চা-বাগান সূত্র জানায়, জেরিন চা-বাগানে ২৬৫ হেক্টর জমিতে চায়ের আবাদ হচ্ছে। চায়ের আবাদ এলাকার বিভিন্ন টিলায় চাম, করই, বনাক, জাম, মালাকানা, একাশিয়াসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার ৩০০ রোগাক্রান্ত ও অকার্যকর ছায়াবৃক্ষ আছে। এসব গাছের বয়স ৩৭ থেকে ৪৫ বছর। বন বিভাগের দুই কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে দুই হাজার ৩০০ গাছের মধ্যে দুই হাজার ১২৯টি গাছ অপসারণযোগ্য হিসেবে চিহ্নিত করেন। চা বোর্ড গাছগুলো অপসারণের অনুমোদন দিয়েছে। গত বছরের ২৩ এপ্রিল জেলা প্রশাসক ও ২৭ সেপ্টেম্বর বিভাগীয় বন কর্মকর্তা অনাপত্তিপত্র দিয়েছেন। এরপর প্রধান বন সংরক্ষকের (সিসিএফ) দপ্তরের মাধ্যমে এ-সংক্রান্ত নথি বন ও পরিবেশ মন্ত্রণালয়ে যায়। কিন্তু আট মাসেও মন্ত্রণালয় ছাড়পত্র দেয়নি। জেরিন চা-বাগানের ব্যবস্থাপক মো. সেলিম রেজা বলেন, এসব গাছ এখন পোকামাকড়ের আবাসস্থলে পরিণত হয়েছে। আসছে শীতে এসব গাছ থেকে ব্যাপক হারে লাল মাকড়সা ও উইপোকার আক্রমণে চা-গাছের উৎপাদনক্ষমতা কমে যাবে। তিনি জানান, গত দুই বছরে এ বাগানে সাড়ে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) বিজ্ঞানীরা জানান, চা চাষের জন্য আবাদি এলাকায় ৪০ শতাংশ ছায়ার প্রয়োজন। এ পরিমাণ সূর্যকিরণ নিশ্চিতের জন্য প্রতিটি বাগানে একটি নির্দিষ্ট দূরত্বে সমান্তরালভাবে চায়ের চারা ও ছায়াবৃক্ষ রোপণ করা হয়। সাধারণত এসব ছায়াবৃক্ষের কার্যকারিতা ৩৫-৪০ বছর পর্যন্ত থাকে। এরপর অধিকাংশ গাছ ‘ভুরিপচা’ ও ‘ক্যাংকার’ নামক রোগে আক্রান্ত হয়। রোগাক্রান্ত গাছে চা-গাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক লাল মাকড়সা ও উইপোকা স্থায়ীভাবে বাসা বাঁধে। পোকামাকড় দমনে কীটনাশক ছিটানোর সময় এরা এসব গাছের খোড়লে আশ্রয় নেয়। ৭২ ঘণ্টা পর কীটনাশকের কার্যকারিতা শেষ হলে এরা আবারও চা গাছে ছড়িয়ে পড়ে। পোকাগুলো চায়ের কুঁড়ি খেয়ে ফেলে। এতে চায়ের উৎপাদন ও মান দুটিই কমে যায়। চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের অবসরপ্রাপ্ত পরিচালক চা-বিশেষজ্ঞ মো. আজহারুল ইসলাম বলেন, চা-গাছের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত চায়ের মান উন্নয়নে চা-বাগানে ছায়াবৃক্ষ জরুরি। রোগাক্রান্ত ছায়াবৃক্ষ অপসারণের আগে গাছ রোপণও জরুরি। গাছগুলোর ডালপালা বিশাল এলাকাজুড়ে বিস্তার লাভ করলে চা-গাছে ঘন ছায়া পড়ে। শেকড় বেশি বিস্তার লাভ করলে মাটি থেকে বেশি মাত্রায় পানি ও নাইট্রোজেন শুষে নেয়।ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম মোস্তফা জানান, চা বোর্ড উৎপাদন বাড়ানোর জন্য বাগানগুলোকে অব্যাহতভাবে পরামর্শ ও চাপ দিচ্ছে। কিন্তু সরকারি বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণে গড়িমসি করছে। এতে দেশের চা শিল্প পিছিয়ে পড়ছে।