রোগাক্রান্ত ভারতীয় গরুও আসছে
লালমনিরহাটের বিভিন্ন সীমান্তপথে বৈধ ও অবৈধভাবে ভারত থেকে অবাধে গরু আসছে। সুস্থ গরুর পাশাপাশি আসছে রোগাক্রান্ত গরুও। রোগাক্রান্ত গরু লালন-পালন বা এর মাংস খাওয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে নজর নেই বললেই চলে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ২২টি চিহ্নিত সীমান্তপথের বিপরীতে বা কাছাকাছি দূরত্বে থাকা দুড়াকুটি, বড়বাড়ী, চামটার হাট ও চাপার হাট, হাতীবান্ধা সদর হাট, দইখাওয়া, বড়খাতা, পাটগ্রাম সদর হাট ও বালার হাটসংলগ্ন করিডর দিয়ে ভারতীয় গরু দেশে ঢুকছে।অভিযোগ রয়েছে, এসব সীমান্তপথে বৈধ ও অবৈধভাবে দৈনিক গড়ে চার থেকে পাঁচ হাজার গরু আনা হচ্ছে। কিন্তু বৈধভাবে আসছে সর্বোচ্চ ৫০০টির মতো গরু। কোনো কোনো দিন মাত্র ৫০-৬০টি গরুও বৈধভাবে সীমান্ত দিয়ে আনা হচ্ছে।অভিযোগ রয়েছে, ভারত থেকে আনা গরুগুলো যেসব সীমান্ত হাটে কেনাবেচা হয়, সেসব হাট চিহ্নিত সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে। অনেকেই তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অর্জিত টাকা চলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেণীর অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর হাতে।অভিযোগ অস্বীকার করে লালমনিরহাটের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পাটগ্রামের শ্রীরামপুরে কর্তব্যরত সহকারী শুল্ক (কাস্টমস) কর্মকর্তা রফিকুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে জানান, আজ ৬১টি এবং গত মঙ্গলবার ১৩০টি গরু করিডর (বৈধ উপায়ে) হয়েছে এই শুল্ক ফাঁড়ি থেকে। গড়ে প্রতিদিন ৫০-৬০টি এবং ঈদের মৌসুমসহ কিছু কিছু সময় সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০টি গরু বৈধভাবে আসে। এক প্রশ্নের জবাবে শুল্ক কর্মকর্তা বলেন, সীমান্তপথে আসা ভারতীয় গরুগুলোর প্রতিটির বিপরীতে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) স্লিপ দেখে ৫০০ টাকা করে নির্ধারিত রাজস্ব ফি নেওয়া হয়। শুল্ক ফাঁকি দিয়ে অধিকাংশ গরু ভারত থেকে পাচার হয়ে আসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিজিবি কর্তব্যরত থাকে। তারাই সঠিক বলতে পারবে।লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের দায়িত্বে থাকা উপ-অধিনায়ক রুহুল আমিন জানান, ভারত থেকে সীমান্তপথে আসা গরুগুলোর বিপরীতে বিজিবির পক্ষে স্লিপ দেওয়ার কথা সত্য নয়।লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, ‘ভারত থেকে রোগাক্রান্ত গরু আসার কথা শুনেছি। জেলা প্রাণিসম্পদ বিভাগকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার বলেন, ‘সীমান্তপথে রোগাক্রান্ত গরু আনার অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যকর ভূমিকা নিতে পারছি না।’ তিনি জানান, ভারত থেকে আনা রোগাক্রান্ত গরু লালন-পালন বা এর মাংস খাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে।