রোগী এখনো পুলিশি পাহারায়, ভাই মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত আক্তার হোসেনকে অবশেষে গতকাল বুধবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে তাঁর ছোট ভাই রোগী আবিদ হোসেনকে এখনো হাসপাতালে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
আক্তারের স্ত্রী কাজল রোজ প্রথম আলোকে জানান, রাত আটটার দিকে তাঁর স্বামীকে ছেড়ে দেওয়া হয়। আর তাঁর দেবর আবিদকেও ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিচিম জানান, রাজপাড়া থানার পুলিশ আক্তারকে ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন।
গত রোববার রাতে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আবিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে তার বড় ভাই আক্তারকে মারধর করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এরপর রাতেই আক্তারকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় পুলিশ। ওই সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকেরা হাসপাতালে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন ১০ সাংবাদিক। আবিদের পরিবারের অভিযোগ, রাতেই আবিদ সুস্থ হয়ে ওঠে। তার পরও তাকে ছেড়ে না দিয়ে চিকিৎসার নাম করে হাসপাতালে আটকে রাখা হয়েছে।
এর আগে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছেন।
হামলাকারী চিকিৎসকদের গ্রেপ্তারের দাবি: গতকাল বেলা ১১টা থেকে আধা ঘণ্টা নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সাংবাদিকেরা রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পুলিশ কমিশনার হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম চিকিৎসকদের হামলায় আহত যমুনা টিভির ফটোসাংবাদিক তারেক মাহমুদ রাসেলকে দেখতে মঙ্গলবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান। সেখানে তিনি রাসেলের চিকিৎসার খোঁজখবর নিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।