রোগী এসে বসে থাকেন, চিকিৎসকেরা অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টা ১০ মিনিট। দরজা-জানালা সব বন্ধ। কারও সাড়াশব্দ নেই। মোটরসাইকেলের শব্দ শুনে দোতলা থেকে প্রশ্ন ছুড়লেন একজন। কী চান? কাজ আছে বললে নিচে নেমে দরজা খুলে দেন। চিকিৎসকেরা কখন আসবেন? জানতে চাইলে কিছুই বলতে পারেননি। সিলেটের বালাগঞ্জ উপজেলার আজিজপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ঘটনা এটি। গত রোববার সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে। কেবল আজিজপুর নয়, উপজেলার ১৩টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের বেশির ভাগের দশাই এ রকম। অফিস চলাকালে চিকিৎসকদের অনেককেই কর্মস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্প্রতি সরকারি উদ্যোগে সারা দেশের মতো বালাগঞ্জেও অস্থায়ী ভিত্তিতে ১২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। গত জুলাইয়ের ১ থেকে ৫ তারিখের মধ্যে তাঁরা কর্মস্থলে যোগ দেন। কিন্তু অধিকাংশ চিকিৎসক ঠিকমতো কর্মস্থলে যান না বলে রোগী ও স্থানীয় ব্যক্তিরা জানান। সিলেটের সিভিল সার্জন ফয়েজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘যদি কেউ অনিয়ম করে থাকেন, আমরা সেটা দেখব। নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের হয়তো কাজে মন বসছে না। কারণ তাঁদের প্রত্যন্ত এলাকায় কাজ করতে হচ্ছে। সেখানে সুযোগ-সুবিধার অভাব রয়েছে। ঈদের পর তাঁদের বোঝানোর চেষ্টা করা হবে। তার পরও কেউ যদি অনিয়ম করেন, তবে ছাড় দেওয়া হবে না।’ সকাল নয়টা ১০ মিনিট থেকে আধা ঘণ্টারও বেশি সময় অবস্থান করেও আজিজপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খায়রুল বাশার ও নতুন নিয়োগ পাওয়া সানজিদা হোসেনের দেখা মেলেনি। কেন্দ্রের অফিস পিয়ন হানিফ বলেন, ‘রোগী দেরিতে আসে, তাই স্যারও দেরিতে আসেন। আর ম্যাডাম মাঝে মধ্যে আসেন।’ তবে চিকিৎসা নিতে আসা আজিজপুর গ্রামের তৈমুছ আলী বলেন, ‘ডাক্তার দেরিতে আইন, এর লাগি রোগী অখলো দেরিতে আইন।’এ ব্যাপারে চিকিৎসক সানজিদা হোসেন বলেন, ‘মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। দায়িত্ব পালনে গাফিলতির প্রশ্নই ওঠে না। প্রতিদিনই অনেক রোগী দেখি। রোববার আমার গাড়িটি রাস্তায় নষ্ট হয়ে যাওয়ায় একটু দেরি হয়েছে।’নয়টা ৫০ মিনিটে মাদারবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, চিকিৎসকের অপেক্ষায় কয়েকজন রোগী বসে আছেন। চিকিৎসা কর্মকর্তা এনামুল হক ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমান অফিসে যাননি। ১০টা ২০ মিনিট পর্যন্ত তাঁদের কর্মস্থলে দেখা যায়নি। কেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হলেন জান্নাত আরা। তিনি গ্রামে কাজ করতে আগ্রহী নন বলে এনামুল হককে দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ।চিকিৎসক এনামুল হক বলেন, ‘প্রতিদিনই সময়মতো হাজির হই, আজকে একটু দেরি হয়েছে।’ জান্নাত আরা ফেরদৌস বলেন, ‘প্রথমে আমি এখানে যোগদান করেছিলাম। কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করি। আমার পরিবর্তে একজন পুরুষ ডাক্তার কাজ করছেন।’১০টা ৫০ মিনিট। গোয়ালাবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, চিকিৎসা কর্মকর্তা কাজী মাহবুবুল আলম নেই। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা অহীন্দ্র সূত্রধর নিজকক্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাপ করছেন। কাজী মাহবুবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যোগদানের পর দেখলাম কেন্দ্রে ডাক্তার বসার মতো পরিবেশ নেই।’পশ্চিম পৈলনপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা হলেন নাহিদ পারভেজ খান। দুপুর ১২টায় গিয়েও তাঁর দেখা মেলেনি। কেন্দ্রে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘তিনি (চিকিৎসা কর্মকর্তা) এখানে তিন-চার দিন হলো এসেছেন। কোথায় আছেন বলতে পারি না।’ চিকিৎসক নাহিদ পারভেজ বলেন, ‘মাঝেমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করতে হয়েছে। তাই নিয়মিত কেন্দ্রে যেতে পারিনি।’দুপুর ঠিক একটা। বোয়ালজুড় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে স্থানীয় নারীদের নিয়ে বৈঠক করছে একটি বেসরকারি সংস্থা। কেন্দ্রের কক্ষগুলো তালাবদ্ধ, চিকিৎসকদের কেউ নেই। সদ্য যোগ দেওয়া চিকিৎসক তামান্না বেগমকে অফিসে দেখা গেল না। এ ব্যাপারে তিনি বলেন, ‘রোববার উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ছুটিতে ছিলেন। তাই কেন্দ্রে যাইনি। তা ছাড়া আমি একজন মহিলা, আমার নিরাপত্তা তো লাগবে। আয়া বা পিয়নও নেই। স্থানীয়দের দেওয়া চেয়ার-টেবিলে কাজ করতে হয়।’দুপুর দুইটার দিকে পূর্ব গৌরীপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবুল ফয়েজ আলীকে পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে আবুল ফয়েজ আলী বলেন, ‘রোগী দেরি করে আসে। বসে থেকে তো কোনো লাভ নাই। তাই আসতে একটু দেরি হয়। তা ছাড়া কেন্দ্রে বিভিন্ন সমস্যা রয়েছে।’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি ও দেরি করে আসার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রামীণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বালাগঞ্জে নতুন ১২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। কী কারণে তাঁরা কর্মস্থলে উপস্থিত থাকেন না, তা খতিয়ে দেখা হবে।