মন্ত্রিসভায় প্রস্তাবিত ‘বেসরকারি চিকিৎসাসেবা আইন-২০১৬’ পাস হলে রোগী ও চিকিৎসকদের মধ্যে দূরত্ব বাড়বে বলে মনে করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, খুলনা শাখা। তাদের বক্তব্য, কারাভোগের ভয়ে বেসরকারি হাসপাতালের কোনো চিকিৎসক মুমূর্ষু রোগীকে চিকিৎসা দেবেন না।
অন্যদিকে সরকারি হাসপাতালে রাষ্ট্রের অব্যবস্থাপনার জন্য চিকিৎসাসরঞ্জাম-সংকটে রোগীদের ভোগান্তি বাড়বে।
গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি শেখ বাহরুল আলম। বেসরকারি চিকিৎসাসেবা আইন-২০১৬-তে বেসরকারি চিকিৎসকদের শাস্তির বিধানের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাহরুল আলম। তিনি বলেন, গত ৩১ মে বেসরকারি চিকিৎসাসেবা আইনের খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদন লাভ করে। ইতিপূর্বের যেকোনো আইনের খসড়া অনুমোদনের আগে তা ওয়েবসাইটে দিয়ে মতামত আহ্বান করা হয়। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। চিকিৎসকেরাও এ ব্যাপারে তেমন কিছু জানতেন না। ওই খসড়ায় বলা হয়েছে, চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুতে ওই চিকিৎসক সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করবেন। তা ছাড়া সরকারের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার চার্জ নির্ধারণ করে দেওয়া হবে।
এ খসড়াকে কালো আইনের খসড়া উল্লেখ করে তিনি বলেন, বিএমএ খুলনা শাখা মনে করে, এ আইনের খসড়া চিকিৎসকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। এর ফলে চিকিৎসক ও রোগীদের মধ্যে দূরত্ব বাড়বে, মুমূর্ষু রোগীদের দেখার কেউ থাকবে না। এ আইনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণ। ঔপনিবেশিক আমলারা সরকারকে বিভ্রান্ত করতে এ খসড়া প্রস্তুত করেছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, চিকিৎসকেরা আইন বা শাস্তির ঊর্ধ্বে নন। তবে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হলে তার জন্য চিকিৎসককে দোষী সাব্যস্ত করতে অধিকতর জ্ঞানসম্পন্ন চিকিৎসক টিম প্রয়োজন। এ খসড়া আইন প্রণয়নের মাধ্যমে বেসরকারি চিকিৎসকদের আলাদা করে নিপীড়নের চেষ্টা করা হলে তাঁদের বিভিন্ন সংগঠন একত্রে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে হুঁশিয়ারি করা হয়।