রোগী ও চিকিৎসকের আস্থার সম্পর্ক সংকটে

চিকিৎসকেরা বলেছেন, রোগী ও স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সম্পর্ক আজ সংকটের মুখে। দেশের চিকিৎসাব্যবস্থার স্বার্থে এই অবস্থার আশু সমাধান দরকার।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় এ কথা বলেন তাঁরা। ‘চিকিৎসাসেবা আইন, ২০১৬(খসড়া): পর্যালোচনা ও মতামত’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সহসভাপতি অধ্যাপক এম আবু সাঈদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, কোনো কোনো হাসপাতালে রোগীর মৃত্যু হলে রোগীর আত্মীয়-স্বজনেরা অবহেলা বা ভুল চিকিৎসার অজুহাত তুলে সঠিক কারণ না জেনেই স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ এবং ভাঙচুর চালাচ্ছেন। এতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, প্যারামেডিকসসহ স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে স্বাস্থ্যসেবায় মনোনিবেশ করতে পারছেন না। এ অবস্থার আশু সমাধান প্রয়োজন।
সভায় চিকিৎসাসেবা আইন, ২০১৬ -এর খসড়া নিয়ে আলোচনা করা হয়। খসড়াটির বিভিন্ন ধারার পরিমার্জন করার সুপারিশ করেন তাঁরা। চিকিৎসকেরা বেসরকারি চিকিৎসক ও প্রতিষ্ঠানের পাশাপাশি খসড়াটিতে সরকারি চিকিৎসক ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
মুক্ত আলোচনায় চিকিৎসক মনীষা চক্রবর্তী বলেন, আইনটিতে ২৮টি ধারার মধ্যে ২০টি ধারাই হচ্ছে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও চিকিৎসকদের ক্ষেত্রে। এই আইন কেন সরকারি প্রতিষ্ঠান বা চিকিৎসকদের আওতায় পড়বে না। এটা একটি অসংগতি।
আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, আইনটি শুধুমাত্র বেসরকারি সেক্টরের জন্য করা হচ্ছে। কেন সরকারি সেক্টরের চিকিৎসকেরা এর আওতাভুক্ত থাকবে? চিকিৎসকদের রোগী দেখার ফি নির্ধারণ করার প্রসঙ্গে রশীদ-ই-মাহবুব বলেন, ‘দেশের কোনো পেশাতেই তো এই ফি নির্ধারণ নেই, তাহলে ডাক্তারিতে কেন? এটি সরকার ঠিক না করে চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের ঠিক করা উচিত।’
ভোক্তা অধিকার সংরক্ষণ সমিতির (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, খসড়া আইনে চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগের বিচারের ক্ষেত্রে আলাদা আদালত গঠন করা দরকার। তবে চিকিৎসকদের কোনো অবস্থাতেই অসম্মান করা যাবে না।
আলোচনায় ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক নাজমুন নাহার, সাধারণ সম্পাদক কাজী রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।