রোগী দেখতে রাজি না হওয়ায় চিকিত্সককে গালমন্দের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী দেখতে রাজি না হওয়ায় নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলামকে গালমন্দ এবং ইপিআইয়ের কক্ষের জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি লুত্ফুর রহমান ওরফে সুমনসহ দলের একদল কর্মী এ ঘটনা ঘটান বলে জানা গেছে। তবে, মুঠোফোনে জানতে চাইলে লুত্ফুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, তাঁর অসুস্থ ভাগনেকে চিকিত্সা না দিয়ে কক্ষে অন্য লোকজন নিয়ে হাসাহাসি করতে দেখে তিনি শুধু এর কারণ জিজ্ঞেস করেছিলেন, এর বেশি কোনো কথাই হয়নি।স্বাস্থ্য কর্মকর্তা সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সুমন নামের এক যুবক একটি শিশুকে নিয়ে এসে তাকে দেখে দিতে বলেন। তখন আমি তাঁকে নিয়ম অনুযায়ী বহির্বিভাগ থেকে টিকিট নিয়ে নিচতলায় চিকিত্সককে দেখাতে পরামর্শ দিলে তিনি চলে যান। এর কিছুক্ষণ পর ওই যুবকসহ আরও ১০-১৫ জন এসে নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী দাবি করে তাঁদের রোগী না দেখার কৈফিয়ত চান এবং গালমন্দ করেন। একপর্যায়ে তাঁরা চলে যাওয়ার পথে হাসপাতালের নিচতলায় ইপিআইয়ের কক্ষের জিনিসপত্র তছনছ করেছেন বলে অভিযোগ করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁকেও ফোন করে একই তথ্য জানিয়েছেন। তিনি তাঁকে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অবহিত করার পরামর্শ দিয়েছেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘটনার খবরই শুনিনি। এত বড় ঘটনা ঘটলে তো আমার কাছে খবর আসত।’অন্যদিকে, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরউদ্দিন রায়হান দাবি করেন, ছাত্রলীগের কেউ স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। স্বাস্থ্য কর্মকর্তা নিজেই ঠিকমতো কর্মস্থলে থাকেন না, রোগী দেখেন না।