রোগী দ্বিগুণ লোকবল অর্ধেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন দ্বিগুণের বেশি রোগী ভর্তি থাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যার অভাবে অনেককে তাই আশ্রয় নিতে হয় ওয়ার্ডের মেঝেতে বা বারান্দায়। ছবিটি ৯ নম্বর ওয়া​র্ড থেকে গত সোমবার তোলা l প্রথম আলো
প্রতিদিন দ্বিগুণের বেশি রোগী ভর্তি থাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যার অভাবে অনেককে তাই আশ্রয় নিতে হয় ওয়ার্ডের মেঝেতে বা বারান্দায়। ছবিটি ৯ নম্বর ওয়া​র্ড থেকে গত সোমবার তোলা l প্রথম আলো

৭ সেপ্টেম্বর, বেলা দেড়টা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের মেঝে-বারান্দায় চাদর বিছিয়ে বসে ও শুয়ে আছেন অর্ধশতাধিক রোগী। তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে বললেন, পাঁচ দিন ধরে তিনি বারান্দায় আছেন। মানুষজন তাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর ধুলো-বালু উড়ে এসে নাকেমুখে পড়ছে।
একই অভিযোগ করলেন আরও কয়েকজন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৯০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ রোগী ভর্তি থাকে। অতিরিক্ত রোগী ভর্তি হলেও বাড়েনি অবকাঠামোগত সুবিধা। এ অবস্থায় প্রত্যেককে বিছানায় জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি ৯০০ জনের ওষুধপত্রও বাকিদের ভাগাভাগি করে দিতে হচ্ছে।
হাসপাতালের সেবার মান নিয়ে রোগী ও তাদের স্বজনদের রয়েছে নানা অভিযোগ। শয্যা-সংকট তো আছেই। তা ছাড়া এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই। চিকিৎসক-সংকটের কারণে যথাসময়ে চিকিৎসা পাচ্ছেন না বলেও রোগীরা জানিয়েছেন। হাসপাতালজুড়ে নোংরা ও বিচ্ছিরি পরিবেশ। দুর্গন্ধে টেকা দায়।
কয়েকজন রোগী বলেন, হাসপাতালের ২৬টি ওয়ার্ডে ২৬টি, আর বহির্বিভাগে আছে ১০টি শৌচাগার। প্রয়োজনের তুলনায় শৌচাগার একেবারেই অপ্রতুল। তা ছাড়া এসব শৌচাগার থেকে সারাক্ষণ দুর্গন্ধ ছড়ায়।
জানতে চাইলে হাসপাতালের উপপরিচালকের দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ১১১ জন পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিন কয়েক দফা শৌচাগারগুলো পরিচ্ছন্ন করছেন। মাত্রাতিরিক্ত রোগীর কারণে কিছুক্ষণ পরপরই এগুলো অপরিচ্ছন্ন হয়ে পড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নগরের কাজলশাহ এলাকায় অবস্থিত এ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে ৯০০-তে উন্নীত করা হয়েছিল ১৯৯৮ সালের ১৭ জুন। তবে সে অনুযায়ী বাড়ানো হয়নি অবকাঠামো-সুবিধা এবং এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় লোকবল।

>
  • ৯০০ শয্যার হাসপাতালে লোকবল প্রয়োজন ১ হাজার ৯৮২ জন
  •  আছেন মাত্র ৯৩৬ জন, শূন্য রয়েছে ১ হাজার ৪৬টি পদ
  •  বহির্বিভাগে দায়িত্বরত একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী দেখতে হয়

হাসপাতালের প্রশাসনিক শাখা জানিয়েছে, প্রতিদিন হাসপাতালে গড়ে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে আরও অন্তত আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নেন। পর্যাপ্ত লোকবল না থাকায় এসব রোগীকে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। বহির্বিভাগে দায়িত্বরত একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী দেখতে হয়।
হাসপাতালের উপপরিচালকের দপ্তর জানিয়েছে, ৯০০ শয্যার হাসপাতালে লোকবল প্রয়োজন ১ হাজার ৯৮২ জন। এর মধ্যে আছেন মাত্র ৯৩৬ জন, শূন্য রয়েছে ১ হাজার ৪৬টি পদ। চিকিৎসকের ৪৩৭টি পদের মধ্যে শূন্য ২৬০টি, ৫৭৫ জন নার্সের বিপরীতে শূন্য ২৮০, ৭১৭টি চতুর্থ শ্রেণির পদের বিপরীতে শূন্য রয়েছে ৪০৯টি পদ। এ অবস্থায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
হাসপাতালের উপপরিচালক মো. আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, ‘১৭ বছর আগে হাসপাতালটি ৯০০ শয্যায় উন্নীত করা হলেও এখন পর্যন্ত এর বিপরীতে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হলেও আন্তরিকতার কোনো ত্রুটি নেই।’ তিনি আরও বলেন, ‘লোকবল-সংকটের কারণেই একজন চিকিৎসক ও নার্সকে দুই থেকে তিন গুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। অন্তর্বিভাগের ৯০০ রোগীর ওষুধের ব্যবস্থা থাকলেও প্রতিদিন গড়ে ১ হাজার ৯০০ রোগী ভর্তি হচ্ছেন। তাই ওষুধও রোগীদের মধ্যে ভাগাভাগি করে দিতে হচ্ছে। এরপরও রোগীদের সঠিক সেবা দিয়ে চলেছি আমরা। আর লোকবল নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’