রোগী নিয়ে টানাটানি পাঁচ দালাল আটক
ফেনী সদর হাসপাতালে প্রতিনিয়ত রোগী নিয়ে টানাটানি ও পছন্দের ওষুধের দোকানে টেনে নেওয়ার চেষ্টার অভিযোগে গতকাল রোববার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা পাঁচ দালালকে আটক করে ফেনী থানা পুলিশে সোপর্দ করেন।তাঁরা হলেন আজিম (২২), শামিম (১৯), সোহাগ (২৫), ওমর আলী (২৫) ও রহমান সুমন (২৮)।র্যাব ও রোগীর স্বজনদের অভিযোগে জানা যায়, ফেনী সদর হাসপাতালে সাম্প্রতিক সময় একশ্রেণীর বহিরাগত দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে। কোনো রোগী গাড়ি থেকে নেমে হাসপাতালের বারান্দায় পৌঁছামাত্রই দালালেরা রোগীর আপনজন সেজে যায়। তারা দ্রুত হাসপাতালের রোগী বহনের ট্রলি নিয়ে আসে। রোগীর অবস্থা বুঝে জরুরি বিভাগে নিয়ে ভর্তির ব্যবস্থা করে অথবা ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য একটাই। আর সেটি হলো রোগীদের জন্য চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রটি হাতে নিয়ে যে ওষুধের দোকানে কমিশন পাওয়া যায় সেখানে নিয়ে যাওয়া। এতে দালাল এবং দোকানি দুজনই লাভবান হন। নাম প্রকাশ না করে হাসপাতালের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী জানান, এসব দালাল চক্র স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকে। এ কারণে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। এ ছাড়া হাসপাতালের কিছু কর্মচারীও নানাভাবে তাদের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমীন ফেনী সদর হাসপাতাল থেকে দালাল চক্রের পাঁচজনকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ফেনী থানা-পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।