রোগী ফেলে আন্দোলনে, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎ​সকের অপেক্ষায় কয়েকজন রোগী। চিকিৎ​সকেরা মানববন্ধন কর্মসূ​িচতে যোগ দেওয়ায় এই হাসপাতালে গতকাল সেবা কার্যক্রম ব্যাহত হয়। ছবিটি দুপুর সাড়ে ১২টায় তোলা l প্রথম আলো
যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎ​সকের অপেক্ষায় কয়েকজন রোগী। চিকিৎ​সকেরা মানববন্ধন কর্মসূ​িচতে যোগ দেওয়ায় এই হাসপাতালে গতকাল সেবা কার্যক্রম ব্যাহত হয়। ছবিটি দুপুর সাড়ে ১২টায় তোলা l প্রথম আলো

যশোরে গতকাল রোববার অন্তত ২০০ জন চিকিৎসক রোগী ফেলে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের দড়াটানা এলাকায় দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনটির অভিযোগ, চলতি এসএসসি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রে চিকিৎসকদের হেয় করা হয়েছে। মানববন্ধন এক ঘণ্টার হলেও ওই চিকিৎসকেরা প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে কোনো সেবা দেননি।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) শ্যামল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, যশোর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২০০ জন চিকিৎসক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। তবে চিকিৎসাসেবা ঠিক রাখতে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগ এ আন্দোলনের আওতামুক্ত রাখা ছিল। তারপরও কেউ কেউ আন্দোলনে অংশ নিতে পারেন। এ জন্য মানুষের সাময়িক সমস্যা হতে পারে। চিকিৎসকদের মর্যাদার স্বার্থে এটুকু সমস্যা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

যশোর জেনারেল হাসপাতালে বহির্বিভাগের ১৬ জন চিকিৎসক টিকিটের মাধ্যমে রোগীদের সেবা দেন। সেবা নেওয়ার জন্য গতকাল ৮০০ জনের মতো রোগী টিকিট সংগ্রহ করেন। কিন্তু বেশির ভাগ মানুষই চিকিৎসকের দেখা পায়নি।

১৩ দিনের শিশু নিয়ে এ হাসপাতালে আসেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আসমা বেগম। টিকিট সংগ্রহ করার পর তিনি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বসে ছিলেন। তারপরও চিকিৎসকের দেখা পাননি। আসমা বলেন, ‘কোলের শিশু নিয়ে দুই ঘণ্টা ধরে বসে আছি। ডাক্তারের কোনো খবর নেই।’

বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন শহরের বকচর এলাকার বাসিন্দা সেলিমুর রহমান। তিনি বলেন, ‘বুকে ব্যথা নিয়ে বসে আছি। কিন্তু চেম্বারে ডাক্তার নেই। শুনছি, সবাই নাকি মানববন্ধনে।’

শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের শাস্তি দাবি

দুপুর ১২টায় শহরের দড়াটানা এলাকায় মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কুমার সাহা, বিএমএর জেলা সভাপতি এ কে এম কামরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোর শাখার সভাপতি আতিকুর রহমান খান, যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা প্রথম পত্র প্রশ্নের সৃজনশীল অংশে একটি প্রশ্নে চিকিৎসককে লোভী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে পুরো চিকিৎসা পেশাকেই হেয় করা হয়েছে। এ ঘটনায় ওই বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়।

‘সম্মানিত পেশা নিয়ে কটাক্ষ নয়’

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জানান, একই দাবিতে গতকাল দুপুরে জেলা শহরের সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন চিকিৎসকেরা। বিএমএ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, চিকিৎসক একটি সম্মানিত পেশা। এই পেশাকে নিয়ে কটাক্ষ করা কাম্য নয়। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।

বক্তৃতা করেন বিএমএ ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক দুলাল চক্রবর্তী, সিভিল সার্জন আব্দুল হালিম, ম্যাটস-এর অধ্যক্ষ এ আর দাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আইয়ুব আলী, বিএমএ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আল মামুন, সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ এমদাদুল হক, মেডিসিন বিশেষজ্ঞ মোকাররম হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অপূর্ব কুমার সাহা প্রমুখ।

জরুরি ছাড়া সব বিভাগে সেবা বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বিএমএর উদ্যোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার চিকিৎসকেরা। সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি চলাকালে হাসপাতালে কেবল জরুরি বিভাগের সেবা চালু ছিল। বহির্বিভাগসহ সব বিভাগে সেবা বন্ধ রাখা হয়।

সমাবেশে বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আলী হোসেন ও হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও রাজীবুল ইসলাম, বিএমএর জেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ওয়ালিউর রহমান ও পরিতোষ কুমার ঘোষ।