রোগী ফেলে গোলটেবিল বৈঠকে চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পুরোনো কসবা কাজীপাড়া এলাকার ফারহানা আক্তার সকাল সাড়ে নয়টায় লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের সামনে বসে ছিলেন। সকাল ১০টায় চিকিৎসকের আসার কথা থাকলেও তিনি সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর গাইনি বিভাগের কনসালট্যান্ট নিকুঞ্জ বিহারী গোলদার তাঁর চেম্বারে আসেন।

শুধু গাইনি নয়; শিশু, নাক-কান-গলা, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নাগাল পেতে চেম্বারের সামনে রোগীদের তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বেলা একটায় এসব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজ নিজ চেম্বারে আসেন। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতালের বহির্বিভাগে এ চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকাল ১০টা থেকে হাসপাতালের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি যশোরের উদ্যোগে সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সালাউদ্দীন আহমেদ।

বৈঠকে হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। এর মধ্যে সাতজনের ওই সময়ে বহির্বিভাগে রোগী দেখাসহ বিভিন্ন দায়িত্ব ছিল।

বহির্বিভাগের দায়িত্ব পালনের নির্ধারিত সময়ে ওই চিকিৎসকদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন কেন, জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক সালাহউদ্দীন আহমেদ বলেন, ‘এটি সনাকের (সচেতন নাগরিক কমিটি) কাছে জিজ্ঞাসা করেন।’

সনাক যশোরের সভাপতি আবু সালহ বলেন, ‘বৈঠকে এত চিকিৎসক থাকার দরকার ছিল না। হাসপাতালের দায়িত্বশীল দুজন চিকিৎসা কর্মকর্তা থাকলেই হতো। চিকিৎসকদের মধ্যে কারা থাকবেন, তা নির্ধারণ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’