রোগী ফেলে রেখে চিকিৎসকদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে রোগীর দীর্ঘ লাইন। হাসপাতালের বারান্দা, সিঁড়ি—সব জায়গায় শত শত নারী-পুরুষ ও শিশু বসে আছে। কোনো চিকিৎসকই কক্ষে নেই। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেল।
হাসপাতালের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, চিকিৎসকদের সবাই হাসপাতালের সভাকক্ষে সকাল থেকে বৈঠকে আছেন। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রায় দেড় হাজার রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, একজন রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসক প্রিয়ব্রত রায়কে মারধর করেছেন। ওই ঘটনার প্রতিবাদ কর্মসূচি নির্ধারণের জন্য চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসা হয়।
কোনো পূর্বঘোষণা ছাড়াই রোগী ফেলে বৈঠক কতটা যৌক্তিক—এমন প্রশ্নের জবাবে শ্যামল কৃষ্ণ সাহা বলেন, ‘বিষয়টি সেনসেটিভ (স্পর্শকাতর)। চিকিৎসকেরা উত্তেজিত। আমার একার বিষয় নয়। চিকিৎসকের কাজের নিরাপদ পরিবেশ না থাকলে সেবা দেবেন কীভাবে? এটুকু তো সহ্য করতে হবে।’ শ্যামল কৃষ্ণ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মঙ্গলবার (আজ) সকাল নয়টার মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার না করলে এদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
হাসপাতাল সূত্র জানায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হাসিনা বেগম (৫০) নামে এক নারী হৃদ্রোগ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। শনিবার দিবাগত রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্বজনেরা দায়িত্বরত চিকিৎসককে ডেকে না পেলে রোগী মারা যান। রোববার সকালে চিকিৎসক প্রিয়ব্রত রায় রোগী দেখে মৃত ঘোষণা করলে স্বজনেরা উত্তেজিত হয়ে চিকিৎসককে চড়-থাপ্পড় দেন। ওই দিনই চিকিৎসকেরা রোগী ফেলে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক করেন। এদিনও চিকিৎসকদের না পেয়ে রোগীরা চরম দুর্ভোগের শিকার হয়।
গতকাল বাঘারপাড়া থেকে হাসপাতালের গাইনি চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসা রিনা রায় বলেন, ‘দুই দিন ধরে হাসপাতালে এসে ডাক্তার খুঁজে পাচ্ছিনে। এদিকে যন্ত্রণায় বসতে পারছি না।’
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকার বাসিন্দা আবু বকর শামীম বলেন, ‘পাঁচ বছরের শিশু নিয়ে সকাল নয়টা থেকে হাসপাতালের বারান্দায় বসে আছি। ডাক্তার নেই। আসবে কি না, তা-ও জানি না।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাতপরিচয়ের চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছে।