রোগী ফেলে রেখে মানববন্ধন করলেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে রোগী ফেলে রেখে মানববন্ধন করে চিকিৎসকদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। আজ বুধবার রাজধানীর শাহবাগ এলাকায় সরকারি হাসপাতালের চিকিৎসকেরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।

মৌন এই কর্মসূচি শেষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সুস্থ পরিবেশ দরকার। সারা দেশে যা চলছে, তার নিরসন হওয়া প্রয়োজন।

এ সময় প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর চিকিৎসকের হামলা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। তিনি এ ঘটনার নিন্দা জানান। মাহমুদ হাসান বলেন, ‘আমরা চাই না সাংবাদিকদের ওপর হামলা হোক। আবার এ-ও চাই না, চিকিৎসকদের ওপর হামলা হোক। এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তিনি শিশির মোড়লের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান।

সারা দেশের সব হাসপাতালে আজ একযোগে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যোগ দিতে আসেন রাজধানীর প্রায় সব সরকারি হাসপাতালে চিকিৎসকেরা।

পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চিকিৎসকেরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা থেকে বিরত থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ-সংলগ্ন চানখারপুলে একজন অনারারি চিকিৎসক সম্প্রতি কয়েকজন তরুণের হামলার শিকার হন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেটানো হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএমএ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল।