রোগী বাড়লেও বার্ন ইউনিট পূর্ণাঙ্গ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিন দিন বাড়ছে দগ্ধ রোগীর সংখ্যা। কিন্তু সে অনুযায়ী বাড়েনি চিকিৎসাসুবিধা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ থাকলেও নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) জনবল, যন্ত্রপাতি এবং চিকিৎসাসংকটে ধুঁকছে। এতে চট্টগ্রামসহ আশপাশের পাঁচ-ছয় জেলার রোগীরা পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বার্ন ইউনিটে এখন প্রতিদিন গড়ে রোগী থাকে ৬৫ জন। গতকাল সোমবার এই বিভাগে রোগী ছিল ৬০ জন। শীতকাল আসতে আসতে রোগীর সংখ্যা বেড়ে যায় বলে চিকিৎসকেরা জানান। গত বছরের শীতে এক দিনে সর্বোচ্চ ৯৮ জন রোগী ছিল এই বিভাগে।

বিভাগের সহকারী অধ্যাপক মো. এস খালেদ বলেন, এই ওয়ার্ডে ২৪ ঘণ্টা রোগী ভর্তি করাতে হয়। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫ জন রোগী থাকে। দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। দুই বছর আগেও এখানে রোগী ৫০ জনের বেশি হতো না।

সরেজমিনে দেখা গেছে, শয্যা সংকুলান না হওয়ায় বিভাগের মেঝেতেও রাখা হয়েছে রোগী। চিকিৎসক কম হওয়ায় সেবা নিয়ে অসন্তুষ্ট রোগী ও স্বজনেরা।

বর্তমানে একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ছাড়া এই বিভাগে সাতজন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য এটা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সংকট রয়েছে সেবিকারও।

এই অবস্থায় পাঁচ মাস আগে ১০০ শয্যার বিশেষায়িত একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি এখনো আলোর মুখ দেখেনি। চমেক হাসপাতালের নতুন ভবনের তিনটি মেঝেতে এই বিভাগটি করার কথা রয়েছে। সেখানে ১০ শয্যার আইসিইউ ছাড়াও তিনটি অস্ত্রোপচার কক্ষ এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধার প্রস্তাব করা হয়েছে।

বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি দাশ বলেন, ‘আমাদের জনবল খুবই কম। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রও নেই। এ জন্য জটিল রোগীদের ঢাকায় পাঠাতে হয়। এই সংকট কাটাতে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসংবলিত একটি বিভাগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

নতুন এই প্রস্তাবটি সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাবিষয়ক সাবেক জাতীয় সমন্বয়কারী সামন্ত লাল সেন। তিনি গত মাসে চট্টগ্রামের বার্ন ইউনিট পরিদর্শন করেন। ১০০ শয্যার নতুন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের নির্ধারিত ভবনটিও ঘুরে দেখেন তিনি।

সামন্ত লাল সেন বলেন, ঢাকার ওপর চাপ কমানোর জন্য চট্টগ্রামে ১০০ শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবটি এখন মন্ত্রণালয়ে রয়েছে। এটি করা গেলে এই অঞ্চলের মানুষকে আর ঢাকায় দৌড়াতে হবে না।

বর্তমানে চমেক বার্ন ইউনিটে কোনো নিবিড় পরিচর্যাকেন্দ্র নেই। নতুন প্রস্তাবের মধ্যে ১০ শয্যার আইসিও, ১০টি এইচডিইউ, তিনটি অস্ত্রোপচার কক্ষ, ফিজিওথেরাপি ও অ্যানেসথেসিয়া বিভাগের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া অধ্যাপকসহ জ্যেষ্ঠ পদের বাইরে প্রতি পাঁচজন রোগীর জন্য একজন করে চিকিৎসক দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

চমেক বার্ন ইউনিটে চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং ফেনী ও নোয়াখালী এলাকার লোকজন চিকিৎসা নেয়। এই কারণে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে।