‘তিন দিন আগে ভর্তি হয়েছি, এক দিনও খাতি দেয়নি। টিকা-পয়সা নি। না খায়ে থাকতি হতেছে। কিছু ব্যবুস্থা না করলি চিকিৎসা নিতে এসে না খায়ে মরে যাতি হবি নে। তুমরা একটু কয়ে দাও যাতে খাতি দেয়।’ সাতক্ষীরা সদর হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় ভর্তি জাহানারা খাতুন এভাবেই তাঁর দুর্দশার কথা জানান। এ হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীকে খেতে দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা রোডের মোড়ে অবস্থিত এ হাসপাতালটি ১৯৯৭ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। শুধু ৫০ শয্যার কক্ষে ১০০টি শয্যা দেওয়া হয়েছে। ৫০ শয্যার হাসপাতালে ২৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে বর্তমানে কর্মরত আছেন ২০ জন। অথচ এ হাসপাতালে প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ রোগী চিকিৎসা নিতে আসে। আর গড়ে প্রতিদিন ২৩০-২৫০ জন রোগী ভর্তি থাকে।বুধ, বৃহস্পতি ও শনিবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। করিডোরে ঘুটঘুটে অন্ধকার। মেডিসিন, চোখ ও অর্থোপেডিক চিকিৎসকের চেম্বারের সামনে রোগীর ভিড়। একই অবস্থা অপারেশন থিয়েটারের সামনেও। চোখ ও অর্থোপেডিক চিকিৎসকেরা জানান, তাঁদের গড়ে ১০০ রোগী দেখতে হয়। মেডিসিন বিভাগের চিকিৎসক জানান, তাঁকে দেখতে হয় আরও বেশি সংখ্যক রোগী। হাসপাতালের অন্তর্বিভাগের অবস্থা আরও খারাপ। বিশেষ করে ১ ও ৩ নম্বর ওয়ার্ডে ময়লা আর দুর্গন্ধে টেকা দায়। টয়লেট ও বাথরুমের অবস্থা আরও খারাপ। বুধবার হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ২৫ জনের স্থলে রোগী ভর্তি ছিল ৪৭ জন। ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল ২৭ জনের স্থলে ৮২ জন। ২ নম্বর ওয়ার্ডে ১৮ জনের স্থলে ৩৩ জন ও ৪ নম্বর ওয়ার্ডে ২৫ জনের স্থলে ৬২ জন।১ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন মোজ্জাম্মেল সরদার, নজরুল ইসলাম, লুৎফর সরদার, শহীদুল ইসলাম; ৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন শাহানারা খাতুন, ফাহিমা খাতুনসহ অনেকে জানান, তাঁরা তিন থেকে পাঁচ দিন আগে ভর্তি হয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের খাবার সরবরাহ করে না। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান জানান, এ হাসপাতালে ১০০ জন রোগীর খাবার ও ওষুধ সরবরাহ করা হয়। আর সবই চলছে ৫০ শয্যা হাসপাতালের অনুপাতে। ফলে ১০০ জনের অতিরিক্ত রোগীর খাবার সরবরাহ করা সম্ভব নয়। সিভিল সার্জন এস জেড আতিক বলেন, ৫০ শয্যার অবকাঠামোয় ২৫০ জন রোগী ভর্তি থাকে। প্রতিদিন বহির্বিভাগে এক হাজার ২০০ জনের বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়। অবকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। লোকবল সমস্যার সমাধানের চেষ্টা চলছে।