রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে তিন দালালের কারাদণ্ড
নড়াইল সদর হাসপাতালের চত্বর থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে শহরের তিনটি ক্লিনিকের তিনজন প্রতিনিধিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নড়াইলের নির্বাহী হাকিম ও এনডিসি এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
এ ছাড়া একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক অলোক বসু উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নড়াইল শহরের নিরাময় সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক ইলিয়াস শেখকে (৪৫) ১৫ দিন, নোভা ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার তুষারকে (৪০) ৫ দিন ও নড়াইল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি কনুফ বেগমকে (৩০) ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তুষারের কাছ থেকে সদর হাসপাতালের বহির্বিভাগের ১০ জন রোগীর টিকিট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল চত্বর থেকে তাঁদের আটক করেন।
এ বি এম খালিদ হোসেন জানান, নিরাময় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ করে সিলগালা করা হয়েছে। ওই ক্লিনিকের কোনো কাগজপত্র নেই। সাজা পাওয়া তিনজনকে বৃহস্পতিবারই কারাগারে পাঠানো হয়েছে।