রোগীকে আতঙ্কে রেখে চিকিৎসা-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় এক চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নিজের ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুল রিপোর্টের মাধ্যমে রোগীর মনে আতঙ্ক ছড়িয়ে তিনি চিকিৎসার নামে বাণিজ্য করছেন বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন। গৌরনদীর ভুরঘাটা গ্রামের হেমায়েত আকনের স্ত্রী আছমা বেগম অভিযোগ করেন, তাঁর মা রওশন আরা বেগম (৫০) পেটের পীড়ায় আক্রান্ত হন। তাঁকে আগরপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা সমীর কুমার চাকলাদারের গৌরনদীর বাড়িতে (ব্যক্তিগত চেম্বার) নেওয়া হয়। চিকিৎসক ১৩ জুন গৌরনদী শহরে তাঁর মালিকানাধীন গৌরনদী ডক্টরস আল্টাসনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীর আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। পরীক্ষার পর ওই সেন্টারের ল্যাবরেটরি টেকনিশিয়ান মো. ফাইজুল ইসলাম তাঁর স্বাক্ষরিত রিপোর্টে এবং রোগীকে মৌখিকভাবে জানান, তাঁর (রওশন আরা) জরায়ুতে টিউমার হয়েছে।এ রিপোর্ট নিয়ে চিকিৎসক সমীরের ব্যক্তিগত চেম্বারে গেলে সমীর রওশন আরা ও তাঁর মেয়েকে জানান, জরুরি ভিত্তিতে রোগীর অস্ত্রোপচার করা না হলে তিনি ক্যানসারে আক্রান্ত হবেন। সমীরের সঙ্গে তাঁদের ১৪ হাজার টাকায় তাঁর ক্লিনিকে অস্ত্রোপচারের চুক্তিও হয়। পরে এক আত্মীয়ের পরামর্শে রওশন আরাকে বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে নেওয়া হয়। চিকিৎসক দেলোয়ারের পরামর্শে বরিশালের দুটি রোগনির্ণয় কেন্দ্রে রওশন আরার আরও দুবার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এ দুটি রিপোর্টেই রওশন আরার জরায়ুতে কোনো টিউমারের আলামত নেই বলে বলা হয়। রিপোর্ট দেখে দেলোয়ার রওশন আরার পেটের পীড়া শনাক্ত করে ওষুধ দেন এবং এই ওষুধ সেবনে রওশন আরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আছমা বেগম আরও অভিযোগ করেন, ‘চিকিৎসক সমীর চাকলাদার তাঁর মালিকানাধীন রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠিয়ে ল্যাবরেটরি টেকনিশিয়ান দিয়ে ভুয়া রিপোর্ট করিয়ে আমাদের আর্থিক হয়রানিসহ আতঙ্কিত করেছেন।’ল্যাবরেটরি টেকনিশিয়ান ফাইজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রওশন আরার জরায়ুতে টিউমার অনুভব করায় আমি সেই রিপোর্ট দিয়েছি।’ পালরদী গ্রামের গৌতম চক্রবর্তী, ইলা গ্রামের হোসনে আরা বেগম চিকিৎসক সমীর চাকলাদারের বিরুদ্ধে একইভাবে তাঁর রোগনির্ণয় কেন্দ্র থেকে ভুয়া রিপোর্টের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন। সমীর কুমার চাকলাদার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রওশন আরা নামের কোনো রোগী দেখিনি এবং কোনো ব্যবস্থাপত্র দিইনি।’ অন্যদের অভিযোগ প্রসঙ্গে বলেন, এসবের কোনো সত্যতা নেই। এটা তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার মাত্র।