রোগীকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করলেন এক বহিরাগত!
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীকে ইনজেকশন দেওয়ার চেষ্টাকালে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই যুবককে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। তাঁর নাম নূরুল আমিন (২৪)। সুনামগঞ্জের ছাতকের হাসনাবাদ গ্রামের বাসিন্দা তিনি। হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, ছাতকের হাসনাবাদ গ্রামের আজাদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি গত ১২ অক্টোবর থেকে হাসপাতালের পঞ্চম তলায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গ্রামে পূর্বশত্রুতাবশত দুই পক্ষের সংঘর্ষে আহতাবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংঘর্ষের ঘটনায় ছাতক থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা রয়েছে। রোববার রাতে আজাদের প্রতিপক্ষের তিনজন লোক হাসপাতালে যান। কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তিনজনকে একসঙ্গে হাসপাতালে ঢুকতে বাধা দিলে তাঁদের মধ্যে কেবল নূরুল আমিন নামের যুবকটি আজাদের শয্যাপাশে যান। এ সময় আজাদ ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে নূরুল একটি ইনজেকশন আজাদের শরীরে প্রয়োগ করার চেষ্টা করলে বিষয়টি দেখে কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা রোগীর শয্যাপাশে গিয়ে তাঁকে আটক করেন। সেবিকা জানান, শিক্ষানবিশ চিকিৎসকের কায়দায় ওই যুবক ইনজেকশন হাতে নিয়ে পুশ করার চেষ্টা করছিলেন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান আলী জানান, গ্রামে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার জের ধরে নূরুল আত্মীয় পরিচয় দিয়ে আজাদের শয্যাপাশে গিয়েছিলেন। তাঁর কাছ থেকে ছয়টি ঘুমের ইনজেকশন উদ্ধার করা হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে আজাদের শরীরে ঘুমের ইনজেকশন দেওয়ার জন্য নূরুল সেখানে গিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।