রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নিতে চায়। তারা যদি মনে করে এই উদ্যোগে মানুষের কল্যাণ হবে, তাহলে অর্থ সেখানে বাধা হয়ে দাঁড়ায় না।

রোগীদের সহায়তার জন্য গঠিত পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করার আগে বিশিষ্ট এই শিক্ষাবিদ এসব কথা বলেন। গতকাল সোমবার রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নতুন এই ফাউন্ডেশন। রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসায় সহায়তা করার জন্য এই ফাউন্ডেশন তৈরি হয়েছে বলে আয়োজকেরা জানান।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, সামাজিক উদ্যোগ দরকার। সবাই মিলে নিজেদের কল্যাণে উদ্যোগ না নিলে সরকারের মুখাপেক্ষী হয়ে সব কল্যাণ বয়ে আনা যায় না। এর আগে তিনি চিকিৎসকদের সীমাবদ্ধতা ও উদারতার বিষয়ে দুটো ভিন্ন গল্প শোনান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেন, মানুষ অসহায় হয়ে চিকিৎসকের কাছে যায়। সেখানে ভালো ব্যবহার বা সুচিকিৎসা না পেলে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে। ফাউন্ডেশন করার উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সুলতানা কামাল উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমরা কেমন বাংলাদেশ গড়তে চাও। সেই অনুযায়ী নিজের ভূমিকা নির্দিষ্ট করে নাও।’ স্বাগত বক্তব্যে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রাকিবুল ইসলাম বলেন, চিকিৎসকের কাছে রোগী গেলে অনেক সময় তার সঙ্গে আসামির মতো আচরণ করা হয়। চিকিৎসক নিজে ফি নেন আবার নানা ধরনের পরীক্ষার নাম করে কমিশন নেন। রোগী নানাভাবে ঠকে। এই হৃদ্‌রোগ বিশেষজ্ঞ বলেন, রোগীকে প্রতারণার হাত থেকে বাঁচাতে, ঠিক চিকিৎসা নিশ্চিত করতে এই ফাউন্ডেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এই ফাউন্ডেশন রোগীকে তার অধিকার নিশ্চিত করতে তথ্য সহায়তা দেবে। ভুল চিকিৎসা বা প্রতারণার অভিযোগ তদন্ত করবে। এ ক্ষেত্রে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা নেবে তারা। এ ছাড়া কিছু ক্ষেত্রে রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। যে কেউ এই ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। ইতিমধ্যে ৮০ জন এর সদস্য হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যবসায়ী ও প্রবাসী আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন।

সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী বলেন, এই উদ্যোগ যেন মানবিকভাবে পরিচালিত হয়। আইনজীবী এলিনা খান এই উদ্যোগকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান। উদ্যোগকে অভিনব ঘটনা বর্ণনা করে ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত বলেন, সামাজিক এই উদ্যোগ প্রতারণা প্রতিরোধে ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনের সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সোহরাব আলী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান প্রমুখ বক্তব্য দেন।