রোগীদের অ্যাডভোকেসি দিতে নার্সদের ভূমিকা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের নার্সদের নিয়ে করা এক গবেষণা বলছে, নার্সরা রোগীর যত্ন নেওয়ার ক্ষেত্রে শতভাগ ভূমিকা পালন করলেও অ্যাডভোকেসি (মানসিকভাবে উদ্বুদ্ধ করা) দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা কম। তাই নার্সদের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দিতে হবে, যাতে তাঁরা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন।
গবেষণাটি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। গতকাল বুধবার এই বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। দেশের পাঁচটি বড় হাসপাতালে রোগীর যত্নে নার্সদের ভূমিকা শনাক্ত করতে এই গবেষণা করা হয়।
২০১৫-এর জুন থেকে ২০১৬-এর অক্টোবর পর্যন্ত এই গবেষণার নমুনা হিসেবে ২২৫ জন নার্সের সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ২০৫ জন বা ৯১ শতাংশ নারী নার্স। বিশ্ববিদ্যালয়টির গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের ৪ জন অধ্যাপক গবেষণা পরিচালনা করেন।
গবেষণার ফলাফল বলছে, রোগীর যত্ন প্রদানকারী হিসেবে নার্সরা শতভাগ ভূমিকা রাখেন। বিছানার পাশে রোগীদের যাবতীয় সেবাও শতভাগ দেন তাঁরা। তবে গবেষণা ও নীতি তৈরির প্রক্রিয়ায় নার্সদের অংশগ্রহণ কম, ২৭ শতাংশ। এ ছাড়া রোগীকে অ্যাডভোকেসি দেওয়ার ক্ষেত্রে ৩০ শতাংশ নার্স ভূমিকা রাখেন।
এই গবেষণায় নার্সদের জন্য নিয়মিত প্রাযুক্তিক জ্ঞান ও দক্ষতার প্রশিক্ষণ, গবেষণায় নার্সদের যুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সে সঙ্গে নার্সরা যাতে রোগীদের অ্যাডভোকেসি দেন, সে ব্যাপারে তাঁদের উদ্বুদ্ধ করার কথা বলা হয়। গবেষণার জন্য দেশের যে পাঁচটি হাসপাতাল বেছে নেওয়া হয়, সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান বলেন, নার্সদের সাহায্য ছাড়া মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া যায় না। গবেষণাতেও নার্সদের অন্তর্ভুক্ত করতে হবে। নার্সদের অ্যাডভোকেসি ভূমিকা বাড়াতে প্রতি মাসে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার বলেন, নার্সরা হাসপাতালের প্রায় ৭৫ শতাংশ কাজ করে থাকেন। তাঁদের সাহায্য ছাড়া হাসপাতালের সামগ্রিক সেবার মান কখনোই উন্নত হবে না।