রোগীর কাছ থেকে চিকিৎসাপত্র এবং প্যাথলজিক্যাল টেস্টসহ সব ধরনের রোগনির্ণয়ের পরীক্ষার ক্ষেত্রে ভ্যাট আদায় বন্ধে হাইকোর্টের রায় বহাল রয়েছে। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ। জানা যায়, দুই আইনজীবীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুলাই হাইকোর্ট রোগীদের কাছ থেকে চিকিৎসাপত্র, প্যাথলজিক্যাল টেস্ট ও রোগনির্ণয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট আদায় বেআইনি, সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। এ রায়ে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর আদালত রায়ের কার্যকরতা স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। গতকাল আবেদনটি খারিজ করে দেন আদালত।রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, চিকিৎসার ক্ষেত্রে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায়সংক্রান্ত বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল খারিজ করা হয়েছে। ফলে এখন রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করা যাবে না।