রোগীদের খাবার যাচ্ছে চিকিৎসকের বাসায়
সাতক্ষীরা সদর হাসপাতালের রোগীদের খাবার আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনের পর দিন রোগীদের সকালের নাশতা ও ভাত, মাছ, ডিম, মাংস, সবজিসহ বিভিন্ন খাবার তাঁর বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, হাসপাতালের রোগীদের জন্য রান্না করা বিভিন্ন খাবার দীর্ঘদিন ধরে আরএমও মারুফ হাসানের বাসায় পাঠানো হচ্ছে।
সূত্র জানায়, হাসপাতালের একজন স্বেচ্ছাসেবকের মাধ্যমে প্রতিদিন সকালের নাশতা এবং দুপুর ও রাতের খাবার পৌঁছে দেওয়া হয় আরএমওর বাসায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের রোগীদের খাবার সরবরাহকারী কামরুল ইসলাম বলেন, ‘আরএমও স্যার তো হাসপাতালের সব। তিনি কিছু বললে তা করতেই হয়। আগে রোগীদের জন্য রান্না করা খাবার, আবার কোনো কোনো দিন স্যারের চাহিদামতো খাবার পৌঁছে দিতে হতো। কিন্তু এখন আগের মতো প্রতিদিন দিতে হয় না; মাঝেমধ্যে দিতে হয়।’
আরএমও দাবি করেন, রোগীদের জন্য রান্না করা খাবার তিনি বাসায় নেন না। তবে অনেক সময় বাসায় রান্নার সমস্যা থাকলে হাসাপাতালের খাদ্য সরবরাহকারীর কাছে তিনি বাজার করে পাঠিয়ে থাকেন। তাঁর পাঠানো খাদ্যদ্রব্য হাসপাতালের বাবুর্চি রান্না করে বাসায় পাঠিয়ে দেন।সাতক্ষীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন অমল বিশ্বাস জানান, সিভিল সার্জন এস জেড আতিক বিদেশে গেছেন। তিনি বিদেশ থেকে ফিরলে বিষয়টি তাঁকে জানানো হবে।