রোগীদের খাবারের মান বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হঠাৎ করে রোগীদের পথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রায় ২২ লাখ টাকার অতিরিক্ত বিল পরিশোধ করেছে কর্তৃপক্ষ। অথচ এই সময়ে খাবার মান বেড়েছে বলে হাসপাতালের পরিচালকও দাবি করেননি। বিধি ভেঙে উপাচার্য কামরুল হাসান খানের অনুমোদন নিয়ে এই কাজ করা হয়। কারণ দেখানো হচ্ছে পথ্যের পরিমাণ ও মান বেড়েছে। তবে নথিপত্রে এর কোনো প্রমাণ মেলেনি।
এদিকে ঠিকাদারকে প্রায় ২২ লাখ টাকা অতিরিক্ত বিল দেওয়ার নির্দেশনা না মানায় কোষাধ্যক্ষ শল্য চিকিৎসা বিভাগের অধ্যাপক জুলফিকার রহমান খানকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেন্টাল অনুষদের ডিন মো. আলী আসগর মোড়ল নতুন কোষাধ্যক্ষ হয়েছেন। তবে জুলফিকার রহমান খান বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহতির কোনো চিঠি তিনি পাননি।
আগের কোষাধ্যক্ষ নিয়ম মানতে গিয়ে অনিয়মের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন কমপক্ষে দুজন ডিনসহ জ্যেষ্ঠ শিক্ষকেরা। নাম প্রকাশ না করার শর্তে একজন ডিন বলেন, ‘যা হয়েছে সেটা অশোভন। কেন সরানো হয়েছে তার কোনো ব্যাখ্যা কেউ দেওয়ার প্রয়োজন মনে করেনি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান দাবি করেন, পথ্যের বিল নিয়ে কোনো ‘ঝামেলা’ নেই এবং কোনো বিশেষ কারণে কোষাধ্যক্ষকে সরানো হয়নি। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিচালনা একটা টিম ওয়ার্ক। টিমের প্রয়োজনে যাঁকে নিলে ভালো হয়, তাঁকে নেওয়া হয়েছে।’
এদিকে সাম্প্রতিক সময়ে রোগীদের পথ্যের মান বেড়েছে কি না, এমন প্রশ্নে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া বলেন, ‘একেক রোগীর একেক রকম খাবারের প্রয়োজন। সেভাবে এখনো আমরা পথ্য সরবরাহ করতে পারি না। তবে সম্প্রতি খাবারের মান একটু বেড়েছে। ধরেন ডালটা আগের চেয়ে একটু ঘন হয়েছে।’
২০১৪ সালের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত বিএসএমএমইউতে রোগীর পথ্যের জন্য তিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাসে গড়ে ৩২ লাখ টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এপ্রিলে এই বিল ছিল ৩০ লাখ ৬০ হাজার ১১৯ টাকা ৬৭ পয়সা। হঠাৎ মে মাসে এসে প্রতিষ্ঠানগুলো ৫১ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা ২৬ পয়সার বিল জমা দেয়। বিলটি জমা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান বিল বাড়ার কারণ জানতে চান হাসপাতালের পরিচালক মো. আব্দুল মজিদ ভূঁইয়ার কাছে। উত্তরে পরিচালক লেখেন, ঠিকাদারি প্রতিষ্ঠান আগের মাসের তুলনায় মে মাসে ২১ লাখ ৩২ হাজার ৫৩০ টাকা বেশি দাবি করেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সরকারি হাসপাতালে ভর্তি রোগীর দৈনিক বরাদ্দ ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করে ২০১৩ সালে। কিন্তু বিএসএমএমইউ ২০১৪-১৫ অর্থবছরেও রোগীপ্রতি বরাদ্দ পেয়েছে ৭৫ টাকা। ঠিকাদারেরাও ৭৫ টাকা করেই খাবার সরবরাহ করেছেন। এ অবস্থায় হঠাৎ ১২৫ টাকা করে দাবি করা আইনসংগত হবে না বলে তিনি মনে করেন। তিনি ওই একই চিঠিতে আরও উল্লেখ করেন, ‘অতিরিক্ত পথ্য বিল দাবি করা হলেও রোগীগণের পথ্যের মান উন্নীত হয়েছে—এমন কোনো তথ্যও নথিতে পরিলক্ষিত হয়নি।’ তিনি এ বিষয়ে অর্থ কমিটির অনুমোদন নেওয়ার সুপারিশ করেন।
প্রসঙ্গত, বিএসএমএমইউতে রোগীরা পথ্য হিসেবে সকালে পাউরুটি, কলা, ডিম ও চিনি; দুপুরে ভাত, মাছ, সবজি ও ডাল; বিকেলে দুধ বা ফিরনি এবং রাতে ভাত, ডাল, সবজি ও মাংস পেয়ে থাকেন।