হাইকোর্ট বলেছেন, মানুষ বিপদে পড়লে পুলিশ, আইনজীবী ও চিকিৎসক—এই তিন পেশার মানুষের কাছে যান। তবে এই পেশার পেশাদারি যদি কিছু দুর্বৃত্তের কারণে ধ্বংস হয়, তবে মানুষ বিপদে পড়বে। চট্টগ্রামে রোগীদের দুর্ভোগে ফেলে যা হয়েছে, তা দুঃখজনক।
এক মামলার শুনানিতে আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।
আদালত এ-ও বলেছেন, দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক ও ভালো মানের চিকিৎসাসেবার সুযোগ থাকা সত্ত্বেও পেশাগত আন্তরিকতার অভাবে বহু মানুষ দেশের বাইরে যাচ্ছেন। এতে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে।
গত ২৯ মার্চ ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়, যেটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১ এপ্রিল হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। এই শুনানিতে ৩ জুলাই হাইকোর্ট ওই ঘটনা ও পদক্ষেপ বিষয়ে জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে ৯ জুলাই আদালতে হাজির হতে বলেন।
এ অনুসারে আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গার সিভিল সার্জন মো. খাইরুল আলম হাজির হন।
আদালতে রিট আবেদনকারী আইনজীবী অমিত দাশগুপ্ত নিজে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ছিলেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম।
মধ্যাহ্নবিরতির পর শুনানির শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনের পক্ষে লিখিত জবাব দাখিলের জন্য এক সপ্তাহ সময় চান তাঁদের আইনজীবী কামাল হোসেন। এ সময় আদালত বলেন, লিখিত জবাব দাখিলের জন্য সময় পাবেন। যেহেতু (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জন) দুজনই আছেন। তাঁদের বক্তব্যও শুনব। এরপর ওই ঘটনা ও ঘটনার পর নেওয়া পদক্ষেপ আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
শুনানিকালে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে আদালত বলেন, চট্টগ্রামে (রোগীদের দুর্ভোগে ফেলে ধর্মঘট) যা হয়েছে, এটি দুঃখজনক। যদিও এই মামলার সঙ্গে এটি সম্পর্কিত নয়। তবে যেহেতু আপনি আছেন তাই বলছি, মানুষ বিপদে পড়লে তিন পেশার লোকের কাছে যায়। এসব পেশা যদি কিছু দুর্বৃত্তের কারণে ধ্বংস হয়, তবে মানুষ বিপদে পড়বে। মেয়েটিকে (চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রাফিদা খান রাইফার মৃত্যু) তো ফিরিয়ে আনা যাবে না। মানুষের ভুল হতেই পারে। ভুলটা অন্যায় নয়। কিন্তু ভুল জাস্টিফাই (যথাযথ) করার জন্য যদি হরতাল (ধর্মঘট) ডাকা হয়, তা অন্যায়। একপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, আদালতের সঙ্গে আমরা একমত। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামে ইতিমধ্যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে। ইতিমধ্যে প্রতিবেদনও এসেছে, যা পর্যালোচনা করা হচ্ছে। ইমপ্যাক্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগ ওষুধের নমুনা আইসিডিডিআরবিতে পাঠায়। তাদের রিপোর্ট অনুযায়ী ওই ওষুধে ব্যাকটেরিয়ার নমুনা পাওয়া গেছে। বিলম্বে নমুনা পাঠানোয় আমাদের প্রতিবেদনে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। দুটি রিপোর্ট পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।’
এরপর আদালত ১৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এই সময়ের মধ্যে লিখিতভাবে রুলের জবাব দাখিল করতে বলা হয়। আবুল কালাম আজাদকে আদালত বলেন, লিখিত জবাবে যেন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত হয়, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ নির্ধারণ করা যায়।