রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধের দাবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিজিট নেওয়া, রোগীদের সঙ্গে কর্মচারীদের দুর্ব্যবহার, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে একটি মতবিনিময় সভা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ‘সামাজিক নিরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যসেবার নাগরিক পরিবীক্ষণ’ শীর্ষক ওই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক শামসুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রহিম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চিকিৎসা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, নীলগঞ্জ ইউপির চেয়ারম্যান আবদুল মালেক খান, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবীর।
উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভায় কলাপাড়ায় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যাসংক্রান্ত জনমত জরিপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলী আহসান।
সভা শেষে উপজেলা চেয়ারম্যান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানুষের বিভিন্ন অভিযোগ যাচাইয়ের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো.আবদুর রহিমের হাতে একটি অভিযোগ বাক্স তুলে দেন।