রোগীদের সেবা থেকে ঝাড়ু দেওয়া সবই করছেন তিনি!
একমাত্র চিকিৎসক যোগদানের পরদিন থেকে গত দেড় বছরে এক দিনও কর্মস্থলে আসেননি। রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ঝাড়ু দেওয়াসহ সব কাজ সামলাতে হচ্ছে একমাত্র চিকিৎসা সহকারীকে। এই অবস্থা সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের। প্রয়োজনীয় লোকবলের অভাবের পাশাপাশি রয়েছে দরকারি ওষুধের অপ্রতুলতা। এতে করে কেন্দ্রটিতে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের অধীনে ২৩টি গ্রাম রয়েছে। গ্রামগুলোতে অধিবাসীর সংখ্যা প্রায় ২২ হাজার। ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটিতে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএসের পদ দীর্ঘদিন ধরে শূন্য। মনোয়ারুল সাদিক নামের একজন চিকিৎসা কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর কেন্দ্রটিতে যোগ দেন। মাত্র এক দিন দায়িত্ব পালন করার পর আর তিনি কর্মস্থলে আসেননি। কোনো ছুটি বা অনুমতি ছাড়াই তিনি অনুপস্থিত রয়েছেন। বর্তমানে কেন্দ্রটির লোকবল বলতে একমাত্র চিকিৎসা সহকারী সন্তোষ চন্দ্র ভৌমিক।চিকিৎসা সহকারী সন্তোষ চন্দ্র ভৌমিক জানান, এখানে দৈনিক ৬০-৭০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। চাহিদা অনুযায়ী, কেন্দ্রটিতে ওষুধ সরবরাহ করা হয় না। তিনি বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমি এখানে কর্মরত। তাই বাধ্য হয়ে এ কেন্দ্রে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কাজ আমাকেই করতে হচ্ছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানোও হয়েছে।’সুখাউড় গ্রামের বাসিন্দা চয়নকান্তি দাস বলেন, কেন্দ্রটিতে কোনো চিকিৎসক না থাকায় তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু রহমান বলেন, এটি হাওর এলাকা। এখানকার লোকজন যুগ যুগ ধরে অবহেলিত। তিনি কেন্দ্রটিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও চাহিদামতো ওষুধ সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বিনা অনুমতিতে কেন্দ্রটির একজন চিকিৎসা কর্মকর্তা অনুপস্থিত থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রটির যাবতীয় সমস্যার ব্যাপারে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সুনামগঞ্জ সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন্দ্রটির সমস্যাগুলো সমাধানে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে।