রোগীর চাপে হিমশিম মিটফোর্ড হাসপাতাল
সকাল সাড়ে নয়টা। মিটফোর্ড হাসপাতালের বহির্বিভাগ। বিদ্যুৎ না থাকায় ঘুটঘুটে অন্ধকার। চিকিৎসকের সহকারী সেখানে দাঁড়িয়ে গলা সপ্তমে চড়িয়ে রোগীর নাম ডাকছেন। নাম মিলে গেলেই রোগী এমন হাসি হাসছেন, যেন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। তবে এঁরা চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন দেড় থেকে সর্বোচ্চ চার মিনিট।
শুধু বহির্বিভাগেই যে রোগীর ভিড়, তা নয়। অন্তর্বিভাগের অবস্থাও তথৈবচ। শয্যায় রোগী, মেঝেতে রোগী, বারান্দাতেও রোগী। মেঝেতে দুই বিছানার মাঝখানে কোনোরকমে পথ করে নিয়ে চিকিৎসকেরা রোগী দেখছেন। গতকাল বুধবার সকালে ২০ শয্যার লীলা দেবী ওয়ার্ডের বিছানায় ২০ জন, নিচে ১০ জন এবং বারান্দার মেঝে ও বিছানায় ছিল কমপক্ষে এক ডজন রোগী।
হাসপাতালের পরিচালক ব্রায়ান বঙ্কিম হালদার প্রথম আলোকে বলেন, ‘দুই-চার মিনিটে রোগীদের সব সমস্যা শোনা সম্ভব না। কিন্তু আমরা কী করব? রোগীর চাপ প্রচুর।’
মিটফোর্ড হাসপাতালের বহির্বিভাগে সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৪৯ জন চিকিৎসক বহির্বিভাগে প্রায় তিন হাজার রোগী দেখেন। কোনো কোনো বিভাগে রোগীর চাপ বেশি। গড়ে একজন চিকিৎসক ছয় ঘণ্টায় ৮০ থেকে ১০০ জন পর্যন্ত রোগী দেখেন। গতকাল হাসপাতালে বিদ্যুৎ ছিল না। দোতলার বহির্বিভাগে মোম জ্বেলে চলছিল দাপ্তরিক কাজ। এর মধ্যেই শত শত রোগী এসেছেন। বেশির ভাগই কেরানীগঞ্জ ও বিক্রমপুর থেকে। কারও কারও অবস্থা এত খারাপ যে তাঁরা দাঁড়িয়ে থাকতে পারছেন না।
কথা বলতে পারছিলেন না আবদুল গফুর। স্ত্রী রমিলা ও ছেলে শফিকের সঙ্গে বিক্রমপুর থেকে সকাল ১০টার দিকে এসেছেন মিটফোর্ড হাসপাতালে। রমিলার অভিযোগ ‘বিক্রমপুরের আনাড়ি ডাক্তার কী এক ওষুধ দিছে, উনার অবস্থা যায় যায়।’ গাড়ি রাখার বারান্দার কাছে বাবাকে বসিয়ে রেখে শফিক গিয়েছিলেন টিকিট আনতে। কাউন্টারে এত ভিড়, টিকিট কাটতেই লেগেছে আধা ঘণ্টা। ট্রলি, হুইলচেয়ার কিছুই খুঁজে পাননি। বাবাকে ধরাধরি করে প্রথমে ১০৬ নম্বর কক্ষে, তারপর গেছেন ১১০-এ। সেখান থেকে শত শত মানুষের ভিড় ঠেলে অন্তর্বিভাগে যেতে যেতে বেলা সাড়ে ১১টা। বারান্দায় ঠাঁই হয়েছে তাঁর। চিকিৎসা পেতে পেতে দুপুর ১২টা।
বহির্বিভাগে অপেক্ষমাণ রোগীদের মধ্যে যন্ত্রণাকাতর ছিলেন অনেকে। নাক, কান, গলা বিভাগের সামনে স্বজনের গায়ে হেলান দিয়ে বসে ছিলেন শাহানা। কথা বলতে পারছিলেন না। তবে সবার শারীরিক অবস্থাই একই রকম নয়। সর্দি, কাশির জন্যও বুড়িগঙ্গা পেরিয়ে মিটফোর্ড হাসপাতালে এসেছেন কেউ কেউ। নূরজাহান এসেছিলেন নাতনিকে নিয়ে। সমস্যা কী? বললেন, ‘বাচ্চার একটু ঠান্ডার ঝোঁক। মুখ হাঁ কইরা ঘুমায়।’ এ সমস্যার জন্য কেন নদী পেরিয়ে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, কেরানীগঞ্জে বেসরকারি ক্লিনিক। একবার গেলেই ৫০০ টাকা। নদীর ওপারে বহু মানুষ। তাদের জন্য বড় সরকারি হাসপাতাল নেই।
গুরুতর সমস্যায় পড়ে যাদের অস্ত্রোপচার দরকার তারা। শল্য চিকিৎসা বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভর্তি হওয়া রোগীদের অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার আছে একটি। দিনে যেখানে কমপক্ষে ২০টি অস্ত্রোপচার করা জরুরি, সেখানে সর্বোচ্চ ছয়টি অস্ত্রোপচার হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটি ৬০০ শয্যার, প্রতিদিন গড়ে এক হাজার রোগী থাকে। শুধু পথ্য আর ওষুধ দেওয়া হয় ৯০০ রোগীকে। কিন্তু থাকার ব্যবস্থা করা যাচ্ছে না। ১৬ তলার একটি ভবন নির্মাণের পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পড়ে আছে।