রোগীর পথ্য ও মনিহারি সামগ্রী সরবরাহের নামে লুটপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে মাঝারি চিকন চাল (পারি) প্রতি কেজি ৩০-৩২ টাকা হলেও নোয়াখালীতে ৪৫ টাকা। একইভাবে ১৪০-১৫০ টাকা কেজির ব্রয়লার মুরগি ৩৮০ টাকা, ৩৫০ টাকার খাসির মাংস ৪৭০ টাকা, ৫৫০ টাকা রিমের সাদা কাগজ এক হাজার ৪২০ টাকা এবং প্রতি প্যাকেট ব্লেড ১৫ টাকার স্থলে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে! বাজারদরের এই চিত্রটি ফুটে উঠেছে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রোগীর পথ্য, মনিহারি ও বিবিধ দ্রব্যাদি সরবরাহের আহ্বান করা দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রদানকারী প্রতিষ্ঠানের দরপত্রে এবং জেলা বাজার কর্মকর্তার প্রতিবেদনে। ফলে জেলা বাজার কর্মকর্তার বিরুদ্ধে দরদাতাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। চারটি গ্রুপে মোট ৫৬টি দরপত্র ফরম বিক্রি হয়। ১৩ আগস্ট দরপত্র দাখিলের দিনে প্রতি গ্রুপে তিনটি করে ১২টি ফরম জমা পড়ে। পুরো প্রক্রিয়াটি একটি সংঘবদ্ধ চক্র নিয়ন্ত্রণ করার কারণে অন্যরা ফরম জমা দেওয়া থেকে বিরত থাকেন। পরবর্তী সময়ে বাছাই কমিটিতে চারটি গ্রুপে চারটি প্রতিষ্ঠানকে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: মনিহারি ও বিবিধ সামগ্রী বাণিজ্য বিতান, পথ্য সরবরাহ মেসার্স খান এন্টারপ্রাইজ, লিলেন সামগ্রী এ হোসেন ট্রেডার্স ও জনবল সরবরাহে মেসার্স তফসির এন্টারপ্রাইজ। সর্বনিম্ন দরদাতার দরে বাঁধানো রেজিস্টার খাতা প্রতি ডজন দুই হাজার ৩৮০ টাকা, স্ট্যাম্পপ্যাড প্রতিটি ২০০ টাকা, এনার্জি বাল্ব (৩০ ওয়াট) ৪৫০ টাকা, বৈদ্যুতিক বাল্ব (১০০ ওয়াট) ডজন ৬৬০ টাকা উল্লেখ করা হয়েছে, যা বাজারদর থেকে অনেক বেশি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।জেলা বাজার কর্মকর্তা যীশুকান্তি বড়ুয়া বলেন, ‘আমার দেওয়া বাজারদর তো চূড়ান্ত নয়। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি সঠিক মনে করবে সেটিই চূড়ান্ত। তবে বাজারদর দাখিলের ক্ষেত্রে তাঁর ভুলত্রুটি থাকতে পারে বলে তিনি স্বীকার করে এ নিয়ে লেখালেখি না করার অনুরোধ করেন।’জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এইচ এম মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে জটিলতার মধ্যে রয়েছি। বাজার কর্মকর্তাই বেশি বেকায়দায় ফেলেছেন। কারণ, তাঁর দরের সঙ্গে বাজারদরের অনেক তফাৎ। এ অবস্থায় আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। তাই জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন।’