রোগীর পেট থেকে বের হলো কাঁচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচারের দেড় বছর পর গত মঙ্গলবার রোগীর পেট থেকে কাঁচি বের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের লোকনাথ দিঘিরপারের ডক্টরস কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে।জানা যায়, কসবা উপজেলার মেহারী গ্রামের শিপন সরকারের স্ত্রী সবিতা চৌধুরী (৩০) গত বছরের জানুয়ারিতে প্রসববেদনা নিয়ে ভর্তি হন শহরের ডক্টরস কেয়ারে। চিকিৎসক রহিমা খাতুন শেফালীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাঁকে প্রসব করানো হয়।অস্ত্রোপচারের কিছুদিন পর থেকে সবিতা পেটে ব্যথা অনুভব করতে থাকেন। ভারী কোনো বস্তু পেটে রয়েছে এমনটা অনুভব করেন। এর জন্য ওষুধ খেতে থাকেন। কিন্তু পেটের ব্যথা ক্রমে বাড়তেই থাকে। পরে বাধ্য হয়ে আবার যান চিকিৎসক রহিমা খাতুন শেফালীর কাছে। তিনি আলট্রাসনোগ্রাম করে পেটে কোনো কিছু নেই বলে জানিয়ে দেন।কিন্তু তার পরও পেটে ব্যথা থাকায় সবিতা শহরের অন্য একটি ক্লিনিকে গিয়ে এক্স-রে করান। এতে ধরা পড়ে তাঁর পেটের মধ্যে কাঁচি-জাতীয় জিনিস রয়েছে। পরে চিকিৎসক শেফালীর কাছে গেলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং রোগীকে আজীবন বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে সবিতার বর্তমানের অস্ত্রোপচারের সব খরচ বহনেরও অঙ্গীকার করেন। গত মঙ্গলবার বিকেলে সেই ডক্টরস কেয়ারে সবিতার পেটে পুনরায় অস্ত্রোপচার করে কাঁচি বের করা হয়।এ ব্যাপারে রহিমা খাতুন শেফালীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য একজন তাঁর ফোন ধরে বলেন, ‘আপা বাইরে আছেন।’ সবিতা চৌধুরীর শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, রোগী এখন কিছুটা সুস্থ। পুরোপুরি সুস্থ হলেই বাড়ি ফিরবেন।