রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের টানাটানির অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালটিতে দুই দিন এসব প্রতিনিধিদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের অনুমতি থাকলেও প্রতিদিনই তাঁদের হাতে রোগীদের হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসকদের কক্ষের সামনে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধি দাঁড়িয়ে। এসব কক্ষ থেকে কোনো রোগী বের হলেই প্রতিনিধিরা ছুটে যাচ্ছেন ব্যবস্থাপত্র দেখতে।
বহির্বিভাগ থেকে চিকিৎসক দেখিয়ে ওষুধ কাউন্টারের দিকে এগিয়ে আসছিল এক রোগী। তাকে দেখে এগিয়ে যান দুই ব্যক্তি। রোগীর হাত থেকে ব্যবস্থাপত্রটি নিয়ে দেখতে শুরু করেন একজন। পরে পকেট থেকে মুঠোফোনটি বের করে ব্যবস্থাপত্রটির ছবি তুলে নেন। ছবি তোলার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে জানান, তাঁর নাম রেজাউল পারভেজ। পরে বলেন, ‘আজ (বুধবার) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া রয়েছে। তাই একটু আগেভাগে এসে রোগীর ব্যবস্থাপত্রগুলো যাচাই করে নিচ্ছি। এটাকে এক অর্থে জরিপও বলতে পারেন।’
তাঁর সঙ্গে থাকা একই প্রতিষ্ঠানের প্রতিনিধি রেজওয়ান প্রধান বলেন, ‘রোগীদের কাছ থেকে অনুমতি পেলেই আমরা তাদের ব্যবস্থাপত্রে হাত দিচ্ছি।’
এদিকে সদর উপজেলার শুকানপুকুরীর ইউনিয়নের কার্তিকতলা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রওশন বেগম (৪৩) অভিযোগ করেন, ‘পেটের ব্যথা নিয়ে চিকিৎসার জন্য এসেছিলাম। চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর এক ব্যক্তি তাঁর হাত থেকে ব্যবস্থাপত্রটি কেড়ে নেন। এরপর একজনের পর একজন সেটি দেখতে থাকেন। এভাবে চারজনের হাতবদলের পর নিজেদের মধ্যে কী যেন বলাবলি শেষে তাঁরা আমার হাতে ব্যবস্থাপত্রটি ফেরত দেন।’ ততক্ষণ পেটে ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ করেন ওই নারী।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, ‘প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৩০ থেকে ৪০ জন প্রতিনিধি আসেন। সুযোগ বুঝে নিজ প্রতিষ্ঠানের ওষুধ লেখার অনুরোধ করতে তাঁরা চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁরা রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে ওষুধের নামগুলো যাচাই করে দেখেন। এতে অনেক সময় রোগীদের হয়রানির শিকার হতে হয়।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, সপ্তাহে দুই দিন বেলা একটার পর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের অনুমতি রয়েছে। এর বাইরে কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হাসপাতালে ঢোকার অনুমতি নেই। রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি তো একেবারেই কাম্য নয়। এটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।