বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে শিক্ষানবিশ চিকিৎসককে মারধর করেছেন এক রোগীর স্বজনেরা। এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, গৌরনদীর দক্ষিণ পালকান্দি গ্রামের মো. মুনসুর আলীর স্ত্রী করিমুন্নেসা (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে সোমবার দিবাগত রাত দুইটায় হাসপাতালে ভর্তি হন। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টায় তিনি মারা যান। সকাল সাতটার দিকে তাঁর ছেলে পুলিশের কনস্টেবল মো. মামুনুর রশীদসহ স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষানবিশ চিকিৎসক তন্ময় কুমারকে মারধর করেন। এ সময় অন্য সহকর্মী চিকিৎসকেরা এগিয়ে এলে তাঁদেরও লাঞ্ছিত করেন তাঁরা। এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশন ওই ধর্মঘটের ডাক দেয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান জানান, করিমুন্নেসার মৃত্যুর পর তাঁর ছেলে মামুনুর রশিদ তন্ময়কে মারধর করেছেন। এ সময় অন্য চিকিৎসরকেরা এগিয়ে এলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা সকাল আটটা থেকে ধর্মঘট শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ওই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি, মারধরকারী মামুনুর রশীদকে গেপ্তার করা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না। হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস আলম প্রথম আলোকে জানান, হাসপাতালে রোগী মারা গেলেই মারধর এবং ভাঙচুরের ঘটনা ঘটছে। যদি চিকিৎসকদের অবহেলা থেকে থাকে, সে ব্যাপারে কোনো অভিযোগ না দিয়ে সরাসরি মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুজ্জামান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলেও সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ না করায় কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না। রোগীর স্বজনেরা ওই ঘটনা ঘটিয়ে সটকে পড়ায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে পুলিশ সদস্য মামুনুর রশীদ রাঙামাটি জেলায় কর্মরত বলে জানা গেছে।