রোগীর মৃত্যুতে স্বজনদের হামলা-ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে গতকাল শনিবার সকালে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চিকিৎসকের অবহেলায় কোহিনুর বেগম (২৩) মারা গেছেন—এমন অভিযোগ এনে রোগীর স্বজনেরা এ হামলা চালায়। হামলায় হাসপাতালের তিনজন কর্মচারী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তারক্ষী জাফর প্যাদাকে (২২) ও সোহাগ রারীকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঝাড়ুদার তারা বানুকে (৫০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলার রাজনগর গ্রামের ফরিদ জোমাদ্দারের স্ত্রী অসুস্থ কোহিনুর বেগমকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১৫ নম্বর শয্যায় চিকিৎসক এফ এম আতিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকাল নয়টা ৪০ মিনিটে তিনি মারা যান। এ খবরে কোহিনুরের স্বজনেরা হাসপাতালে ছুটে আসে এবং চিকিৎসকের অবহেলার কারণে তাদের রোগী মারা গেছে অভিযোগ এনে হাসপাতালের ওই ওয়ার্ডে হামলা চালায়। এ সময় তারা জানালার কাচ, হাসপাতালের শয্যা ও আসবাব ভাঙচুর করে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোহিনুর বেগমের মামা মো. ফারুক তালুকদার অভিযোগ করেন, ‘আমার ভাগ্নি রক্তশূন্যতায় ভুগছিল। ডাক্তার রক্ত এনে দিতে বললে গত শুক্রবার রক্ত জোগাড় করা হয়। কিন্তু ডাক্তার কোহিনুরের শরীরে রক্ত না দেওয়ায় রক্তশূন্য হয়ে সে মারা যায়।’ চিকিৎসক এফ এম আতিকুর রহমান চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী দীর্ঘদিন ধরে মোটাতাজা হওয়ার জন্য ‘ওরাডিকশন’ ট্যাবলেট সেবন করে আসছিল। হঠাৎ ওষুধ সেবন বন্ধ করায় বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এতে শরীর ফুলে যায়। এ অবস্থায় শরীরে রক্তসঞ্চালন করা সম্ভব হয়নি।’ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান জানান, চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি, রোগীকে ভালো করে তুলতে। মৃত্যুর আগেও চিকিৎসক রোগীর পাশেই ছিলেন। হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।