রোগীর মৃত্যুর এক মাস পর ক্লিনিকে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক গৃহবধূর মৃত্যুর ২৭ দিন পর তাঁর স্বজনেরা গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি ক্লিনিকে হামলা ও ব্যাপক ভাঙচুর করেছেন। এ সময় ক্লিনিকে কর্তব্যরত একজন চিকিৎসক আহত হয়েছেন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষ সূত্র জানায়, চলতি বছরের ৩ মে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাঘাইয়া গ্রামের শিল্পী আক্তার (২৬) নামের ওই গৃহবধূকে শহরের একাডেমি সড়কের সার্জিকেল কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসার পর ৭ মে রোগীর স্বজনেরা তাঁকে ওই ক্লিনিক থেকে শহরের অন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে তাঁকে ফেনী শহরের মাস্টারপাড়ার বাসায় নিয়ে যাওয়া হয়। গত ২৮ জুলাই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর ২৭ দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে রোগীর স্বজন দাবিদার কয়েকজন যুবক সার্জিকেল কেয়ার ক্লিনিকে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। এ সময় যুবকেরা ক্লিনিকের জরুরি বিভাগ, বিশ্রামাগার, কেবিনের দরজা-জানালার কাচ, টিভিসহ অনেক জিনিসপত্র ভাঙচুর করেন। তাঁদের হামলায় রিপন সরকার (৩০) নামের কর্তব্যরত এক চিকিৎসক আহত হন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ফেনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় হামলাকারী যুবকেরা পালিয়ে যান।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।