রোগীর মৃত্যুর পর জানা গেল চিকিৎসক ভুয়া
ছোট একটি অস্ত্রোপচারে রোগীর মৃত্যু হলে অভিভাবকেরা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে, তাঁরা ভুয়া চিকিৎসক। তাঁদের কোনো সনদ নেই। গত শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকনহাট পৌর এলাকার রসুলপুর মহল্লার লোকমান আলীর স্ত্রী রোজিনা খাতুন অসুস্থ হয়ে পড়লে শনিবার তাঁকে কাঁকনহাটের ইসলামিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের চিকিৎসকেরা জানান, রোগীর অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা। অস্ত্রোপচার করতে হবে। সেই দিনই তাঁরা রোজিনার শরীরে অস্ত্রোপচার করেন। এর পর থেকেই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি ছাড়পত্র দিয়ে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়।পুলিশ জানায়, লোকমান আলী কাঁকনহাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। শনিবার রাতে পুলিশ ইসলামিয়া ক্লিনিক থেকে রিয়াজ উদ্দিন, তাঁর সহযোগী মঞ্জুর রহমান ও ক্লিনিকের ব্যবস্থাপক হুমায়ুন কবিরকে আটক করে। স্থানীয় লোকজন জানান, রিয়াজ উদ্দিন এমবিবিএস পাস পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরে তিনি রোগী দেখে আসছিলেন।গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, এ ঘটনায় লোকমান আলী শনিবার রাতেই একটি মামলা করেন।