রোগীর শয্যায় শুয়ে থাকে বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের শয্যায় শুয়ে আছে বেড়াল। পাশেই চলছে আরেক রোগীর চিকিৎ​সা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের শয্যায় শুয়ে আছে বেড়াল। পাশেই চলছে আরেক রোগীর চিকিৎ​সা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রম। দুর্গন্ধে নারী ও পুরুষ ওয়ার্ডে ঢুকতে হয় নাকে রুমালচাপা দিয়ে। প্রায়ই ভর্তি রোগীদের শয্যায় থাকে না চাদর। শয্যাগুলো দেখে ওগুলো রোগীদের না বিড়ালের, ঠাওর করা কঠিন হয়ে দাঁড়ায়।
এদিকে পাঁচ বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে যাবতীয় অবকাঠামো নির্মাণ করা হলেও এখন পর্যন্ত এটি চলছে ৩১ শয্যার জনবল দিয়ে। এমনকি ৩১ শয্যার জনবল হিসেবে এখানে ১৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শুধু বেড়াই নয়; পাবনার সাঁথিয়া ও সুজানগর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলার রোগীরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাই এ কমপ্লেক্সটিতে রোগীর চাপ তুলনামূলক বেশি।
রোগীর চাপের কথা বিবেচনা করে ২০০৬ সালে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয়। এ লক্ষ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালের জুনে নতুন ভবনসহ অবকাঠামো তৈরির কাজ শেষ হয়। ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়া যায় ৫০ শয্যার জন্য প্রশাসনিক অনুমোদন। কিন্তু অনুমোদন মিললেও আজ পর্যন্ত পাওয়া যায়নি ৫০ শয্যার জনবল। বরং ৩১ শয্যার জনবল অনুযায়ী ১৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১২ জন।
এদিকে গত শুক্রবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও নারী ওয়ার্ডে গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। ওয়ার্ড সংশ্লিষ্টদের কাছে খোঁজ নিয়ে জানা যায়, রোগীদের শয্যায় দেওয়ার মতো প্রয়োজনীয় বিছানার চাদর নেই। অথচ নিয়মানুযায়ী ভর্তি হওয়া প্রত্যেক রোগীকে ধোয়া বিছানার চাদর দেওয়া বাধ্যতামূলক। ওয়ার্ড ঘুরে দেখা যায়, কোনো কোনো রোগী ধোয়া চাদর না পেয়ে আগের রোগীর ব্যবহৃত চাদরেই শুয়ে আছেন। আবার কোনো কোনো রোগীর ভাগ্যে চাদরই জোটেনি।
সাঁথিয়ার আটিয়াপাড়া গ্রাম থেকে চিকিৎসা নিতে এসেছিলেন রবিউল ইসলাম। তাঁর স্ত্রী রাজিয়া খাতুন বলেন, ভর্তি হওয়ার পর সেবিকারা (নার্স) জানিয়েছেন বিছানার চাদর নেই। নোংরা গদির ওপরেই রোগীকে শুইয়ে দিতে বলেন। পরে বারবার অনুরোধ করার পর অন্য রোগীর ব্যবহার করা একটি চাদর এনে দেওয়া হয়।
বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার অমরেশ আচার্য ভর্তি করিয়েছেন তাঁর অসুস্থ বাবাকে। তিনি বলেন, ‘এমনিতেই চারদিকে নোংরা পরিবেশ। এরই মধ্যে রোগী ভর্তি করার পর জানানো হলো বিছানার চাদর নেই। ফলে বাধ্য হয়ে বাড়ি থেকে চাদর এনে পেতে দিয়েছি।’
এ ব্যাপারে কর্তব্যরত প্রধান সেবিকা মেরিনা আক্তার বলেন, ‘বিছানার চাদর লন্ড্রিতে ধুতে দেওয়া হয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত না আসায় আপাতত রোগীদের চাদর দেওয়া যাচ্ছে না।’
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড দুটি ঘুরে বিড়ালদের অবাধ বিচরণ লক্ষ করা গেছে। দু-একটি বিড়ালকে আবার রোগীদের শয্যায় শুয়ে আয়েশ করে ঘুমাতেও দেখা যায়। তিন-চারজন রোগী বলেন, বিড়ালের উপদ্রব বাড়তি ভোগান্তি তৈরি করে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা সর্বদা দৃষ্টি রাখি। কাজেই এখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এ কথা বলা যাবে না। বিছানার চাদর সকালের দিকে লন্ড্রি থেকে না এলেও খবর নিয়ে জেনেছি দুপুরের পর এসেছে। লন্ড্রি থেকে আসামাত্রই সব বেডে ধোয়া চাদর দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স বিড়ালমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।’