রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল শিশু বিভাগের শিশু বিকাশকেন্দ্রে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। কেন্দ্রের সেবা চাহিদা বাড়লেও বাড়ছে না সুযোগ-সুবিধা। রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সব যন্ত্র না থাকায় রোগীর অভিভাবক এবং চিকিৎসকেরা পড়েছেন দুর্ভোগে। এ ছাড়া এই কেন্দ্রের চিকিৎসকেরা ঠিকমতো পাচ্ছেন না বেতনভাতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুন মাস থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শিশু বিকাশকেন্দ্রটি চালু করা হয়। কেন্দ্র চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার ৩৫৭ শিশু সেবা নিয়েছে। যাদের অনেকেই ভালো পর্যায়ে রয়েছে।চট্টগ্রাম মেডিকেলের এই কেন্দ্রে মস্তিষ্কের বিশেষ পরীক্ষার যন্ত্র (ইইজি), কান পরীক্ষার যন্ত্র (হিয়ারিং অ্যাসেসমেন্ট) এবং ওজন ও উচ্চতা মাপার যন্ত্র (ইনফ্যান্টোমিটার) না থাকায় এই কেন্দ্র থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের রোগের বিভিন্ন পরীক্ষার জন্য অভিভাবকদের যেতে হয় বেসরকারি ক্লিনিকগুলোতে। ফলে গুনতে হচ্ছে বাড়তি খরচের টাকা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশুর অভিভাবকদের।দেড় বছর আগে রাইসানকে (সাড়ে তিন বছর) নিয়ে এই সেবাকেন্দ্রে আসেন বাবা শিবলী নোমানী। শিবলী নোমানী প্রথম আলোকে বলেন, রাইসানের বয়স এক বছর সাত মাস হলেও খিঁচুনি হতো প্রায় সময়। চোখে দেখত খুব কম। ঘাড় সোজা করতে না পারায় হাঁটতেও পারত না। শিশু বিকাশকেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসা এবং পরামর্শ পেয়ে রাইসানের ইতিবাচক পরিবর্তন হয়েছে। এখন সে হাঁটতে পারে এবং চশমার সাহায্যে চোখেও দেখে। তবে এখনো ঠিকমতো কথা বলতে পারে না।একজন শিশু চিকিৎসক, একজন শিশু মনোবিজ্ঞানী এবং একজন শিশু বিকাশ সহযোগী প্রশিক্ষকের (থেরাপিস্ট) সমন্বয়ে চলছে কেন্দ্রের সেবা কার্যক্রম। গত প্রায় আড়াই বছর ধরে কেন্দ্রটি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচির (এইচএনপিএসপি) প্রকল্পের অধীনে পরিচালিত হওয়ায় কর্মর্কতা-কর্মচারীরা সরকারি স্কেলের পরিবর্তে থোক হিসেবে বেতন পান।চমেক হাসপাতালের শিশু বিকাশকেন্দ্রের শিশু চিকিৎসক রাজিয়া সুলতানা প্রথম আলোকে জানান, শুরুতে কেন্দ্র থেকে সেবা নিতে দিনে চার থেকে পাঁচজন রোগী আসত। এখন প্রতিদিন ১৫ থেকে ২০ জনের কম হয় না। হাসপাতালে রোগ নির্ণয়ের যন্ত্রগুলো না থাকায় অভিভাবকদের খরচের পরিমাণটাও বাড়ছে।