রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকসহ আহত ৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর স্বজনদের হামলায় হাসপাতালের একজন চিকিৎসক ও দুই সেবিকাসহ চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।হামলায় আহত চিকিৎসক মুক্তাদির আহমদ বলেন, পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের মুহিব আলীর স্ত্রী মনোয়ারা বেগম পেটের ব্যথা নিয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। ব্যথা উপশমের জন্য তাঁর শরীরে একটি স্যালাইন দেওয়া হচ্ছিল। দ্রুত ব্যথা কমানোর জন্য রোগীর দুই ভাই নছরতপুর গ্রামের শাহজাহান ও আজাদ মিয়া একই সঙ্গে আরও একটি স্যালাইন প্রয়োগের জন্য চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁরা তাঁকে মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। তাঁকে উদ্ধার করতে আসা সেবিকা অপর্ণা রাণী, সীমা ভট্টাচার্য্য ও আয়া রিমা বেগমকেও তাঁরা পিটিয়ে আহত করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাইয়ূম উদ্দীন বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সামাজিক বিচারের মাধ্যমে সমস্যার সমাধান করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।শাহজাহান বলেন, হাসপাতালে রোগী নিয়ে গিয়ে যথাযথ সেবা পাওয়া যায়নি। এ নিয়ে চিকিৎসক ও সেবিকাদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান বলেন, ওই রাতেই দায়ী ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে হামলার শিকার চিকিৎসক ও সেবিকাদের কাছে ক্ষমা প্রার্থনা করিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।