রোগীর স্বজনের হাতে চিকিৎসক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাইফুল আজমকে রোগীর স্বজনেরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই রোগীর দুই স্বজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

গত সোমবার রাত একটার দিকে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের সামনে চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

চিকিৎসকেরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত বরিশালের জাগুয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদ সরদারকে সোমবার রাতে অস্ত্রোপাচার করছিলেন চিকিৎসকেরা। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই রোগীর অস্ত্রোপচার চলছিল। অস্ত্রোপচার কক্ষের (ওটি) সামনে সংরক্ষিত একটি অংশে চিকিৎসকেরা তাঁদের মুঠোফোন ও ব্যাগ রাখেন। সাধারণের সেখানে প্রবেশ নিষেধ। তারপরও রোগীর স্বজনেরা সেখানে ভিড় করতে থাকেন। রাত পৌনে একটার দিকে চিকিৎসক সাইফুল আজম স্বজনদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় চিকিৎসকদের একটি মুঠোফোন খোয়া যাওয়া নিয়ে স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বজনেরা সাইফুল আজমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা এসে রোগীর স্বজনদের মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার বলেন, রোগীর স্বজনেরা অস্ত্রোপচার কক্ষের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিলেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করেছে।