কাল এমবিবিএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু
রোগীর স্বার্থ রক্ষায় শপথ নিলেন ভবিষ্যতের চিকিৎসকেরা

রোগীর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ মান বজায় রেখে পেশাচর্চার শপথ নিলেন ভবিষ্যতের চিকিৎসকেরা। তাঁরা বললেন, লোভের বশবর্তী হয়ে, কার্পণ্য করে অথবা সুনাম অর্জনের জন্য এমন কিছু করবেন না যা তাঁদের দুর্নীতিগ্রস্ত করবে।
ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা গতকাল রোববার এ শপথ নেন। কলেজ মিলনায়তনে আয়োজিত পরিচিতিমূলক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন খান। এমবিবিএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে কাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকার মেডিকেলশিক্ষার মান নিয়ে কোনো ছাড় দেবে না। যেসব বেসরকারি মেডিকেল কলেজে গ্রন্থাগার নেই, ল্যাবরেটরি নেই, যেসব কলেজ শিক্ষক নিয়োগ দিতে পারে না, সেসব কলেজ বন্ধ হওয়াই ভালো। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মা-বাবা ও অভিভাবকদের তিনি অনুরোধ করেন ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন না দেওয়ার জন্য। তিনি বলেন, স্মার্টফোন ছেলেমেয়েদের ধ্বংস করে দেয়। স্মার্টফোন জঙ্গি তৈরি করছে, চরিত্র নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসা পেশায় কেউ ট্রেড ইউনিয়ন করার জন্য আসে না।
কলেজের অধ্যক্ষ বলেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেন। সেরা ২০০ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন।
শপথে শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা শুদ্ধতা, সততা, সম্মান, সাহস, সমবেদনার চর্চা করবেন। রোগী ও সহকর্মীদের মধ্যে বৈচিত্র্যের বিষয়গুলো সযত্নে লালন করবেন এবং কোনো বৈষম্য ও নির্যাতন সহ্য করবেন না।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।