রোগী-খরায় ভুগছে মাতৃসদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মাতৃসদন হাসপাতালগুলোর অন্তর্বিভাগে রোগী কম ভর্তি হচ্ছে। রোগী–খরায় ভুগছে সিটি করপোরেশনের একমাত্র জেনারেল হাসপাতালটিও। পর্যাপ্ত সুবিধা ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় রোগীরা এসব হাসপাতাল থেকে বিমুখ হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে মাতৃসদন হাসপাতালের সংখ্যা ছয়টি। এর মধ্যে ৫০ শয্যার বন্দরটিলা হাসপাতালটি গত বছর বেসরকারি সংস্থা মেরিস্টোপসের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচটির মধ্যে জনবল-সংকটের কারণে ৫০ শয্যার দুটি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। হাজি ওয়াইজ খাতুন ও নুরুল ইসলাম বিএসসি মাতৃসদনে শুধু বহির্বিভাগে রোগী দেখা হয়।
যে তিনটি হাসপাতালে রোগী ভর্তি চালু আছে, সেগুলো হচ্ছে নগরের আলকরণ ওয়ার্ডের ১০০ শয্যার মেমন মাতৃসদন হাসপাতাল, উত্তর কাট্টলী ওয়ার্ডের ২৫ শয্যার মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল ও মোহরা ওয়ার্ডের ২০ শয্যার সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল। এগুলোর মধ্যে মেমন মাতৃসদন হাসপাতাল প্রসূতিসেবার জন্য বেশি বিখ্যাত।
সিটি করপোরেশনের নথিপত্র অনুসারে, কয়েক বছরে এই তিনটি হাসপাতালেরই অন্তর্বিভাগে রোগী ভর্তি কমেছে। তুলনামূলকভাবে বেশি কমেছে সাফা মোতালেব ও মোস্তফা হাকিম মাতৃসদনে। ২০১১-১২ অর্থবছরে সাফা মোতালেব হাসপাতালের অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৩০ জন। ২০১২-১৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৭৬৫ জনে। ২০১৩-১৪ অর্থবছরে ভর্তি হন ৪১২ জন। আর চলতি অর্থবছরে এখন পর্যন্ত (প্রথম ১০ মাস) মাত্র ৩৬৯ জন।
মোস্তফা হাকিম মাতৃসদনে ২০১১-১২ অর্থবছরে রোগী ভর্তি হয়েছিলেন ১ হাজার ৭৪৪ জন, ২০১২-১৩ অর্থবছরে ১ হাজার ৬৫১ এবং ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ২০৪ জন। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ভর্তি হন ৭৩৩ জন রোগী।
রোগী কমেছে মেমন মাতৃসদনেও। সিটি করপোরেশনের সবচেয়ে পুরোনো ও বিখ্যাত এ মাতৃসদনে ২০১০-১১ অর্থবছরে অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৯৯৪ জন, ২০১১-১২ অর্থবছরে ৩ হাজার ৭৪৭ জন, ২০১২-১৩ অর্থবছরে ৩ হাজার ৩৩৮ জন এবং ২০১৩-১৪ অর্থবছরে ৩ হাজার ২ জন। তবে এ অর্থবছরে রোগী ভর্তি সামান্য বেড়েছে। এপ্রিল পর্যন্ত ভর্তি হন ৩ হাজার ৪৯ জন রোগী।
অন্তর্বিভাগে কাঙ্ক্ষিত রোগী পাচ্ছে না সিটি করপোরেশনের ৫০ শয্যার জেনারেল হাসপাতালটিও। চালু হওয়ার পর ২০১২-১৩ অর্থবছরে এ হাসপাতালে অন্তর্বিভাগে রোগী ছিল ১৮৪ জন। ২০১৩-১৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৪১৬ জনে। তবে চলতি অর্থবছরেই আবার রোগী কমে গেছে প্রায় অর্ধেকে। ১১ মাসে এ পর্যন্ত ভর্তির সংখ্যা ২০৪ জন।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, মোস্তফা হাকিম ও সাফা মোতালেব মাতৃসদন ২০১২ সাল পর্যন্ত পরিচালিত হয়েছে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) টাকায়। ওই সময় হাসপাতাল দুটিতে রোগীদের বেশির ভাগ ওষুধ বিনা মূল্যে দেওয়া হতো। অস্ত্রোপচার ও স্বাভাবিক প্রসবের খরচও কম ছিল।
মোস্তফা হাকিম মাতৃসদনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাছিম ভূঁইয়া বলেন, ‘এক যুগ চলার পর ২০১২ সালের ডিসেম্বরে এডিবির প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে আমরা বিনা মূল্যে ওষুধ দিতে পারছি না। গরিব রোগীদের অপারেশনে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিতাম। সেটিও বন্ধ হয়ে গেছে। এসব কারণেই আমাদের রোগী কমে যাচ্ছে।’
মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট প্রীতি বড়ুয়া বলেন, ‘একটা সময়ে রোগীদের জায়গা দিতে পারতাম না। আর এখন অবস্থা দেখেন। আমরা চিকিৎসকেরা চিকিৎসাসেবা দেওয়ার দায়িত্বে আছি। রোগীদের অন্যান্য সেবা সরবরাহ করার দায়িত্ব প্রশাসনের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছর করপোরেশন এদিকে নজর দেয়নি। সেবা না পেলে রোগী কেন আসবে?’ মেমন হাসপাতালে কাগজে-কলমে সব মিলিয়ে ২২ জন চিকিৎসক রয়েছেন। এঁদের মধ্যে ১২ জন স্থায়ী। সেবিকা আছেন ১৩ জন। ১০০ শয্যার হাসপাতালের জন্য এই পরিমাণ চিকিৎসক-সেবিকা পর্যাপ্ত নয় বলে মনে করেন প্রীতি বড়ুয়া। তিনি বলেন, পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য আরও চিকিৎসক প্রয়োজন। বিকেল ও রাতের পালায় এখন একজনের বেশি চিকিৎসক দেওয়া যাচ্ছে না। পর্যাপ্ত সেবিকাও নেই।
পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত জেনারেল হাসপাতালে আধুনিক অস্ত্রোপচার কক্ষ ও আলট্রাসনোগ্রাম মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আছে দুটি অ্যাম্বুলেন্সও। চিকিৎসকের সংখ্যাও ১২ জন। তারপরও হাসপাতালটি কাঙ্ক্ষিত রোগী পাচ্ছে না। এর কারণ হিসেবে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বললেন, ‘প্রয়োজনের তুলনায় হাসপাতালটিতে চিকিৎসক কম। আর যাঁরা আছেন, তাঁদের মধ্যে কয়েকজন নিয়মিত আসেন না। তাঁরা রোগীদের বাইরে পাঠিয়ে দেন। এঁদের সম্পর্কে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন মহলে জানিয়েছি, কাজ হয়নি।’