রোগ-ব্যাধির প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারা যাওয়া দুটি শিশু হচ্ছে আমিরপুর গ্রামের রুকু উদ্দিনের মেয়ে তামান্না বেগম (১০) এবং কুটি মিয়ার মেয়ে রুমা বেগম (১৪)। তারা দুজনই চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিল। তামান্নাকে গত সোমবার রাতে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। রুমাকে গত বুধবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসার পথে সে মারা গেছে।

তামান্নার বাবা রুকু উদ্দিন বলেন, ‘আমার মেয়ের জ্বর ছিল। গরিব মানুষ। পুরোদমে চিকিৎসা করাইতে পারছি না। মাছ ধরি বেচি। মাছও পাই না। কোনো সাহায্যও পাইনি।’

রুমা বেগমের মা জাকেরা বেগম বলেন, ‘মেয়েরে হাসপাতালে নিয়া ভর্তি করছিলাম। তারা সিলেট নেওয়ার কথা কইছইন (বলেছেন)। রোগীর অবস্থা বেশি খারাপ দেখি বাড়িত আনার (নিয়ে আসার) পথে মারা গেছে।’

রুমা বেগম জানান, তাঁদের বাড়িতে ১০/১৫টি ঘর আছে। প্রায় ঘরেই এক-দুজন জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে। বাড়ির সুফিয়া বেগম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আইজ পাঁচ-ছয় দিন ধরি আমার তিনটা মেয়ের জ্বর। এরা বিছনাত (বিছানায়) পড়ি রইছে।’

রত্না বেগম বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের একজন স্বাস্থ্যকর্মী। তাঁর আওতায় আছে এলাকার ইসলামপুর, খালদার, রক্তা, আমিরপুরের একাংশের ৫৪৩টি খানা (পরিবার)। তিনি গতকাল বলেন, ‘আমারও জ্বর ছিল। সুস্থ হয়েছি। এলাকার কতজনের নাম বলব। ঘরে ঘরে জ্বর। যতটুকু পারি পরামর্শ দিই। জ্বর কমেও। আবার নতুন করি বাড়েও।’

স্থানীয় লোকজন জানালেন, বন্যাকবলিত তাঁদের এলাকায় গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত কোনো সরকারি চিকিৎসা দল যায়নি।

এদিকে গতকাল শুক্রবার পাঁচগাঁও ইউনিয়নের হাওর পারের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়িই এখন একেকটি দ্বীপ। বাড়িঘরের চারপাশে থই করছে পানি। নৌকা দিয়ে লোকজন বিভিন্ন স্থানে আসা-যাওয়া করছে। খেয়া নৌকা বিভিন্ন বাড়ির ঘাট থেকে লোকজনকে তুলে নিচ্ছে। নামিয়ে দিচ্ছে। কোনো কোনো বাড়ির উঠোনে এখনো পানি। অনেক বাড়ির ও ঘরের ভিটা পানির ঢেউয়ে ভেঙে পড়ছে।

ঘরে পানি ওঠায় ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়া আবদুল মালিক (৫০) বলেন, ‘আমি মাছের ব্যবসা করি। কিন্তু অভাব অনটনে ব্যবসার পুঞ্জি (পুঁজি) ভাঙি খাইলিছি। এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য পাইছি না।’

তাঁর আরেক ভাই বদরুল মিয়া (৪৫) ভাঙা ঘর দেখিয়ে বললেন, ‘ইউনিয়ন অফিসে ব্যাগ লইয়া গেছলাম। খালি ব্যাগ লইয়া আইছি। পানির লাগি ঘরের মাঝে চুলা করি খারাম। নাও নাই। জাল নাই। পানিত ভাসরাম। কুন্তা (কিচ্ছু) পাইছি না।’

রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার শর্মা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। তারা তথ্য নিয়ে এসেছে। একজনের জ্বর, বমি ও পাতলা পায়খানা হয়েছিল। আরেকজনের আগে চর্মরোগ হয়েছিল। সম্ভবত এ কারণে কিডনিতে সমস্যা হতে পারে। শনিবার একটি টিম ওখানে যাবে। ভাইরাল জ্বরে অনেকে আক্রান্ত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে মেডিকেল টিম কাজ করছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার ৭০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।